
কলকাতা: গত ২ দিন ধরে ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) ও FETSU (ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন) সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন। কিন্তু, সেই আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না হাইকোর্ট। সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাদা মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। ABVP এবং FETSU একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই অশান্তির মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে বিচারবিভাগীয় হস্তক্ষেপের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। সংবাদমাধ্যম LiveLaw জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উল্লেখ করেন আবেদনকারীর আইনজীবী।
আইনজীবীর দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাই দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হাইকোর্টে ইতিমধ্যেই চলা একটি মামলার সঙ্গে এই নতুন বিষয়টি যুক্ত করারও আবেদন জানান তিনি।
তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। মামলাটির জরুরি শুনানি করতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে, আগে থেকে চলা মামলার সঙ্গে সাম্প্রতিক ঘটনাকে যুক্ত করার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলাদা মামলা দায়ের করতে হবে।
শুনানির সময় আদালতে কয়েকটি ভিডিয়ো ক্লিপও দেখান আবেদনকারীর আইনজীবী। সেই ভিডিয়োয় বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে বলে আদালতে দাবি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ওই ভিডিয়োগুলি আদালতের সামনে তুলে ধরে দ্রুত বিচারবিভাগীয় হস্তক্ষেপের আবেদন জানান আইনজীবী।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে এর আগেও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। র্যাগিংয়ের অভিযোগের মধ্যে এক প্রথম বর্ষের পড়ুয়ার আত্মহত্যার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদালতে মামলা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আপাতত জরুরি শুনানির পথে হাঁটল না আদালত।
বুধবার জেনারেল বডিং মিটিংয়ে ঝামেলার সূত্রপাত। ওইদিন সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে এবিভিপি ও FETSU নিয়ন্ত্রণাধীন ডিএসএফের মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতেই এবিভিপির নিখিল দাসের উপর হামলার অভিযোগ ওঠে। আহত হন অনেকেই।