
কলকাতা: ভরা এজলাসে বিচারপতি ও এজি-র নজিরবিহীন দ্বন্দ্ব দেখেছিল কলকাতা হাইকোর্ট। আর সেই এজলাসেই এবার সৌজন্যের ছবি। মিটল দ্বন্দ্ব। এজি-কে ডেকে ক্ষমা চেয়ে নিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মেডিক্যালে ভর্তি সংক্রান্ত একটি মামলা চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ও এজি কিশোর দত্তের। আজ মঙ্গলবার, সেই বাদানুবাদের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিচারপতি। কিশোর দত্তের সঙ্গে বন্ধুত্বের কথাও উল্লেখ করলেন তিনি। মামলা চলাকালীন এদিন এজি-কে এজলাসেই ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এজলাসে বসে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর কিশোর দত্তকে এজলাসে ডেকে বলেন, “কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।” বিচারপতি আরও বলেন, “আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, প্রায় ৩৭ বছর। আই অ্যাম ভেরি সরি।”
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, রাগের মাথাতেই তিনি ওই সব কথা বলেছিলেন তিনি। অন্যদিকে কিশোর দত্তও বলেন, “আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম।” উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি যা শুনেছেন তাই বলেছেন, আর আমি যা বলেছিলাম সেটা রাগ করে।”
এরপরই পুরনো স্মৃতি হাতড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনারা জানেন না, কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে, কিশোর আর আমার আর এক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম। কিশোর, আমি, জয়মাল্য আরও কয়েকজন মিলে একসঙ্গে ঘুরে বেড়াতাম।”