
কলকাতা: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। কালীঘাট মন্দিরের পরিচালনা ও সম্পত্তি সংক্রান্ত একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী একটি চিঠি পাঠিয়েছেন। সিবিআই তদন্ত বা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটির দাবি জানিয়েছেন তিনি।
প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, মন্দিরের যাবতীয় দুর্নীতির সত্য উন্মোচনে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। নতুবা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বাধীন একটি স্বাধীন বিশেষ তদন্তকারী দল (SIT) গড়ে তুলে তল্লাশি চালানো হোক। একই সঙ্গে জেলা জজ, কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধি এবং সাবর্ণ পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি নিরপেক্ষ পরিচালন কমিটি গঠনের দাবিও তোলা হয়েছে। গর্ভগৃহে প্রবেশের নীতি ও অবাধে ছবি তোলা বন্ধ করে মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনার আর্জিও জানানো হয়েছে চিঠিতে।
এই আইনি লড়াই প্রসঙ্গে দেবর্ষি রায়চৌধুরী জানিয়েছেন, জেলা স্তরে সুরাহা না মেলাতেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে; বিচার না পেলে জনস্বার্থ মামলাতেও যাবেন তাঁরা। উল্লেখ্য, ২০০৬ সালে প্রণামীর টাকা লোপাট নিয়ে হাইকোর্টে অভিযোগ উঠেছিল। দীর্ঘ দু’দশক পর ফের সেই বিতর্কের আঁচ বাড়াল ভল্টের চাবি নিখোঁজের খবর। অভিযোগে বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে ব্যাঙ্কের যে ভল্টে দেবী দক্ষিণাকালীর গয়না রাখা রয়েছে, তার চাবি উধাও। ফলে দেবীর বহুমূল্য অলঙ্কার সুরক্ষিত রয়েছে কি না, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে। প্রসঙ্গত, কালীঘাট মন্দিরের সম্পত্তি গরমিলের অভিযোগ উঠেছে আগেও। গত ২০০৬ সালে কলকাতা হাই কোর্টে এই অভিযোগের জল গড়ায়। প্রণামীর সম্পূর্ণ অংশ নির্ধারিত জায়গায় জমা পড়ছে না বলেই অভিযোগ ওঠে। প্রায় ২০ বছর পর ফের কালীঘাটের দক্ষিণাকালীর গয়না, সম্পত্তির নথি চেয়ে তৎপর সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ।