Kalyan Banerjee: ‘আপনি শুধু গদ্দারদেরই নেন…’, এবার প্রতিশ্রুতি আদায় করে নিলেন কল্যাণ

ভোট এগিয়ে এলেই দলবদলের ট্রেন্ড এই বঙ্গে নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে দলে এনেছে তৃণমূল। তবে কল্যাণ এবার সরাসরি দলের সুপ্রিমোকে বললেন, "আপনি বরাবর গদ্দারদেরই নেন।" ভরা মঞ্চে মমতাকে কার্যত প্রতিশ্রুতি দিতে বললেন, এবার যেন আর তা না হয়।"

Kalyan Banerjee: আপনি শুধু গদ্দারদেরই নেন..., এবার প্রতিশ্রুতি আদায় করে নিলেন কল্যাণ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 07, 2026 | 9:56 PM

কলকাতা: দিনভর শিরোনামে রইল তৃণমূলের ধর্নামঞ্চ। সকালে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, বিকেলেও বক্তব্য রেখেছেন। মাঝে নজর কাড়লেন সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করলেন তিনি। সাড়া দিলেন মমতাও।

ভোট এগিয়ে এলেই দলবদলের ট্রেন্ড এই বঙ্গে নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে দলে এনেছে তৃণমূল। তবে কল্যাণ এবার সরাসরি দলের সুপ্রিমোকে বললেন, “আপনি বরাবর গদ্দারদেরই নেন।” ভরা মঞ্চে মমতাকে কার্যত প্রতিশ্রুতি দিতে বললেন, এবার যেন আর তা না হয়। মমতাও তাঁর দিকে ঘুরে হাত নেড়ে বুঝিয়ে দিলেন, না, আর কোনও গদ্দারকে নেবেন না দলে।

এদিন শ্রীরামপুরের সাংসদ বলেন, “২৬-এর ভোটটা হতে দিন। অনেকে পাঁচিলের উপর বসে আছে। ভোট হলেই তারা তৃণমূলের দিকে ঝাঁপ দেবে।” এরপর মমতার দিকে ঘুরে গিয়ে বলেন, “আপনি বারবার গদ্দারদেরই নেন। আর নেবেন না।” এ কথা শুনে মমতা হাত নেড়ে বুঝিয়ে দেন, ‘না’। আবার সামনে ঘুরে কল্যাণ বলেন, “বলে দিন, দিদি বলেছে কোনও গদ্দারকে নেবে না। নিউ জেনারেশন আসবে। বিজেপি মার্কা একটা মাল আসবে না কোথাও। শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে তাড়াতে হবে।”

এদিকে, কল্যাণকে পাল্টা তোপ দেগে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলেছেন ঠিকই, তবে এবার পাঁচিলে যারা বসে আছে, তারা বিজেপির দিকে ঝাঁপ দিতে পারে। দলের নেতৃত্বকে জানাচ্ছি, তাঁদের দয়া করে দলে নেবেন না। এগুলো বালখিল্যতা। এর কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না।”