Kartik Maharaj: মুছে যাবে মার্কস-লেনিনের নাম! কমিটির মাথা হিসেবে এবার পুরসভায় স্থায়ী অফিস পাচ্ছেন কার্তিক মহারাজ

Kartik Maharaj at Municipality: দায়িত্ব পেয়ে সোমবার কার্তিক মহারাজ বলেন, "আমরা ভারতবাসী। নাম পরিবর্তনের ক্ষেত্রে ভারতের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে।" চৈতন্য মহাপ্রভুর মতো ব্যক্তিত্বের নাম দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। লেনিন মার্কসের নামে কোনও রাস্তা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Kartik Maharaj: মুছে যাবে মার্কস-লেনিনের নাম! কমিটির মাথা হিসেবে এবার পুরসভায় স্থায়ী অফিস পাচ্ছেন কার্তিক মহারাজ
নতুন অফিসে কার্তিক মহারাজImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2026 | 6:22 PM

কলকাতা: সরকার বদলের পর শহরের একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব সামনে এসেছে। লেনিন সরণি বা কার্ল মার্কস সরণির মতো রাস্তার নাম বদলের বিষয়ে আলোচনা চলছে। আর সেই নাম পরিবর্তন করতে তৈরি করা হয়েছে ১০ জনের একটি কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এবার কলকাতা পুরনিগমে নতুন অফিস পাচ্ছেন তিনি।

রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের জন্য কলকাতা পুরসভায় এবার স্থায়ী অফিসের ব্যবস্থা করা হল সোমবার। পুরসভা সূত্রে খবর, ধর্মতলায় কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে তাঁর জন্য একটি ঘর সংস্কার করে প্রস্তুত করা হয়েছে।

এই ঘরটি আগে প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের ব্যবহারের জন্য ছিল। নতুন করে সংস্কারের পর সেটিই কার্তিক মহারাজের অফিস হিসেবে ব্যবহার করা হবে। আগামী অক্টোবর থেকে সেখানে বসার কথা রয়েছে তাঁর। অফিসের পাশাপাশি প্রয়োজনীয় কর্মী ও অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

এর আগে কলকাতা পুরসভার রোড রি-নেমিং কমিটির চেয়ারম্যানদের জন্য আলাদা স্থায়ী ঘর ছিল না। কমিটির বৈঠকের প্রয়োজন অনুযায়ী চেয়ারম্যান পুরসভায় যেতেন। এবারই প্রথম চেয়ারম্যানের জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করা হয়েছে।

দায়িত্ব পেয়ে সোমবার কার্তিক মহারাজ বলেন, “আমরা ভারতবাসী। নাম পরিবর্তনের ক্ষেত্রে ভারতের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে।” চৈতন্য মহাপ্রভুর মতো ব্যক্তিত্বের নাম দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। লেনিন মার্কসের নামে কোনও রাস্তা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। একাধিক প্রস্তাব তাঁর কাছে এসেছে। সেই অনুসারে কাজ করবেন তিনি।

এই কমিটি প্রসঙ্গে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “নতুন নামের প্রস্তাব এলে ভালো। কিন্তু যে রাস্তা রয়েছে, তার নাম পরিবর্তন হলে সমালোচনা করব। লেনিনের নাম পরিবর্তন হলে নিন্দা করছি। সিপিএম দেখুন , তৃণমূলের আমলে কেউ আপনাদের নেতাদের নিয়ে এসব করেনি।” এদিকে, সিপিএম নেতা শতরূপ ঘোষ উদাহরণ দিয়ে বলেন, “১৫০-র বেশি দেশে মহাত্মা গান্ধীর নামে রাস্তা আছেস রাশিয়ায় চৈতন্য দেলের মূর্তি আছে। সেগুলি মুছে দেওয়া হবে? আমরা এমন কলকাতা তৈরি করব, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামও থাকবে, মার্কসের নামও থাকবে, চৈতন্যদেবের নামও থাকবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us