
কলকাতা: পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের হোস্টেলের ছয়তলা থেকে ঝাঁপ! এই মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছে। আদৌ এটা আত্মহনন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জুভেন জস জুবিন। তিনি আইনের প্রথম বর্ষের ছাত্র। কেরলমের বাসিন্দা।
পুলিশ সূত্র মারফত খবর, জুডিশিয়াল সায়েন্স হোস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে বিধাননগর সাব-ডিভিশন হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কেরলমের পালারিভেতম জেলা এর্নাকুলাম বাসিন্দা বছর উনিশের জুভেন জস জুবিন।পুলিশ সূত্র মারফত খবর, জুবিন মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তিনি এই কারণেই আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কিন্তু এভাবে বাংলায় এসে ভিন রাজ্যের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।