নকল থেকে সাবধান, ‘TV9’-এর অনুকরণে ‘TV19’ লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা আদালতের

আদালতের নির্দেশ, TV19 লোগো ব্যবহার করে যে সংস্থা, তাদের কোনও কর্মী, প্রতিনিধি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত "TV19", "TV19 Network", "TV19 Network Bangla" বা "TV9" ট্রেডমার্কের সঙ্গে সাদৃশ্য আছে, এমন অন্য কোনও লোগো ব্যবহার করতে পারবে না। মূলত সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে এই লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

নকল থেকে সাবধান, TV9-এর অনুকরণে TV19 লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা আদালতের
Image Credit source: TV9 Network

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2026 | 9:40 AM

কলকাতা: অবিকল একইরকম দেখতে ‘লোগো’ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। কমার্শিয়াল অ্যাক্ট ও সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এই ধরনের লোগো অনুকরণ আইন-বিরোধী। এই যুক্তিতেই ‘TV19’ নামে এক সংস্থার লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা দিল কলকাতার কমার্শিয়াল কোর্ট। অবিকল ‘TV9’-এর মতো দেখতে লোগো ব্যবহার করে এই সংস্থা। আপাতত TV19, TV19 Network বা TV19 Network Bangla- ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।

২০০৪ সাল থেকে TV9 সংস্থা ট্রেড মার্কস অ্যাক্টে রেজিস্টার করা আছে। বর্তমানে দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক হল TV9। সেই সংস্থা যে লোগো ব্যবহার করে, অবিকল তেমনই দেখতে (একই রঙ, ডিজাইন, আকার) লোগো ব্যবহারের অভিযোগ তুলে আদালতে মামলা হয়েছিল একটি সংস্থার বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই মামলার রায় দেন রাজারহাটের কমার্শিয়াল কোর্টের বিচারপতি ঈশানী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

এই রায়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ রয়েছে। শীর্ষ আদালতের ওই রায়ে বলা হয়েছে, অবিকল একইরকম দেখতে লোগো গ্রাহকের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কমার্শিয়াল কোর্টের নির্দেশ, TV19 লোগো ব্যবহার করে যে সংস্থা, তাদের কোনও কর্মী, প্রতিনিধি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত “TV19”, “TV19 Network”, “TV19 Network Bangla” বা “TV9” ট্রেডমার্কের সঙ্গে সাদৃশ্য আছে, এমন অন্য কোনও লোগো ব্যবহার করতে পারবে না। মূলত সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে এই লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে অভিযুক্ত সংস্থা, অন্য কোনও নাম, ট্রেডমার্ক, অন্য রঙ, ভিন্ন ডিজাইন ব্যবহার করে নিজেদের ব্যবসা চালাতে পারবে। অভিযুক্তদের একটি নোটিস জারি করার নির্দেশও দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার নির্দেশ কার্যকর না করা হলে, আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে অভিযুক্ত সংস্থাকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us