
কলকাতা: বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে ( Kolkata Medical College Unrest) অশান্তির ঘটনায় তীব্র নিন্দা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটিকে সাহায্য করবে কলকাতা পুলিশ। শারদ্বতের দাবি, মুষ্টিমেয় ১০ থেকে ১৫ জন এই হামলার সঙ্গে জড়িত। মূলত অতি বাম ও নকশালপন্থীদেরই নিশানা করেছেন তিনি।
সাংবাদিক বৈঠকের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, নকশালপন্থীরা মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে। শারদ্বত বলেন, “আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। এই নিয়ে মিনিট বাই মিনিট বৈঠক হয়েছে। যা দেখলাম, যা শুনলাম, সর্বসমক্ষে যদি বলি তাহলে সাধারণ নাগরিকদের সামনে ডাক্তারদের মান-সম্মান ক্ষুণ্ণ হবে। যাঁদের কাছে শিক্ষা নিয়েছেন, তাঁদের বলছেন চামড়া গুটিয়ে নেব।”
কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেছেন শারদ্বত। বলেন, “চিকিৎসকদের মারধর করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। কিছু মানসিক মাওবাদী, ১০ থেকে ১৫ করছেন, যাঁরা দাবি করছেন, তাঁরা নাকি ১২৫০ জন ছাত্র-ছাত্রী পড়ুয়া, ইন্টার্নদের নাকি তাঁরা প্রতিনিধি। সেই জন্য বললাম মুষ্টিমেয় কয়েকজন ১০ থেকে ১৫ জন ছাত্র, তাঁদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে, যে চিকিৎসক-শিক্ষকদের গায়ে হাত দেওয়া শুরু করেছেন।”
শারদ্বত আরও বলেন, “অতি বাম, মানসিক মাওবাদী, নকশালরন্থী সংগঠন এই হামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেটা ঘটেছে, তা নিন্দনীয়।” এরপরই এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যা ঘটেছে, তা নিন্দনীয়। এই ঘটনায় তদন্ত করা হবে। তদন্ত কমিটি গঠিত করেছি। যাতে তাড়াতাড়ি রিপোর্ট আসে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।” তিনি এই বিষয়ে আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করবে এই তদন্ত কমিটি। একইসঙ্গে কমিটি চাইলে গভীর তদন্তের স্বার্থে পুলিশ সাহায্য করবে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সাহায্যে থাকবেন।
শারদ্বত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অরাজকতাকে বরদাস্ত করা হবে না। মন্ত্রী বলেন, “ভবিষ্যতে যাতে এরকম অসম্মানজনক ঘটনা, চিকিৎসক-শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ না করা হয়, সেই বার্তা পাঠাচ্ছি ডাক্তার সহকর্মী, জুনিয়র, ইন্টার্নদের। এই সরকার আইনের শাসন মানে। আইনের শাসন বলবৎ করা হবে। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। কোনও অরাজকতাকে প্রাধান্য দেব না।”
উল্লেখ্য, বুধবার দিনভর ছাত্র বিক্ষোভে উত্তপ্ত ছিল কলকাতা মেডিক্যাল কলেজ। আটজন ইন্টার্নকে শোকজের প্রতিবাদে দফায় দফায় অশান্তি ছড়ায় কলেজ চত্বরে। পরে এবিভিপির বিরুদ্ধে আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অশান্তি চলাকালীন অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে।