
কলকাতা: কলকাতা পুরনিগমের ওয়ার্ড সীমানা পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশনের কাজ সমাপ্ত হওয়ার পর প্রকাশিত হল আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি। ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন রুল্স, ১৯৯৪’-এর নিয়ম মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে যেকোনও রাজনৈতিক দল বা সাধারণ নাগরিক আসন সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে তাঁদের আপত্তি কিংবা পরামর্শ লিখিতভাবে জমা দিতে পারবেন।
প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ২০৯টি ওয়ার্ডের মধ্যে তফসিলি জাতি (SC) ও মহিলাদের জন্য নির্দিষ্ট আসন বিন্যাস করা হয়।
তফসিলি জাতি (SC): মোট ১২টি ওয়ার্ড
SC মহিলা: ৪টি ওয়ার্ড (ওয়ার্ড নং— ৬, ৫২, ১৪৪ ও ১৯৭)
সাধারণ মহিলা: ৬৬টি ওয়ার্ড
মহিলাদের মোট সংরক্ষিত আসন: ৭০টি (৪টি SC মহিলা + ৬৬টি সাধারণ মহিলা)
তফসিলি উপজাতি (ST): কোনো আসন সংরক্ষিত নেই
জনসংখ্যার পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এই খসড়ায় তফসিলি উপজাতির (ST) জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়নি। বাকি ১৩৯টি ওয়ার্ড সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণির জন্য নির্দিষ্ট থাকলেও চূড়ান্ত আদেশে শ্রেণিভিত্তিক উপস্থাপনা স্পষ্ট করা হবে।
নির্ধারিত দুই সপ্তাহের সময়সীমা অতিক্রম হওয়ার পর প্রাপ্ত সমস্ত আপত্তি ও পরামর্শ খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। আগামী পু্র্নির্বাচনের গতিপ্রকৃতি নির্ধারণে এই আসন সংরক্ষণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।