
কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ছিলেন তিনি। এই অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছে বামেরা। ব্রাত্যর গ্রেফতারির দাবি তুলে জোরাল আওয়াজ তুলছে লালশিবির। এ দিকে যে ইন্দ্রানুজকে নিয়ে এত হইচই এবার তাঁর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের।
ইন্দ্রানুজ রায় যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র। অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়েছেন তিনি। জানা যাচ্ছে সেই ইন্দ্রানুজের বিরুদ্ধে পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধেও তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে একটিতে অভিযোগ করা হয়েছে, এই ছাত্র সহ আরও একাধিক পড়ুয়া ব্রাত্য বসুকে মারধর, মন্ত্রীর পথ আটকানো, ঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে মহিলা শিক্ষকদের শ্লীলতাহানি করেছেন। এখানেই শেষ নয়, স্টাফ কোয়ার্টার ভাঙচুর ও আগুন জ্বালানোর অভিযোগ রয়েছে ইন্দ্রানুজের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিন হাজার টাকা, ঘড়ি ও সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। এ দিন সাংবাদিক বৈঠক করা হয় লালবাজারের তরফে। বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা ও এডিজি আইবি ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার জাভেদ শামিম। সিপি জানান, যাদবপুরের ঘটনায় মোট সাতটি মামলা রুজু করা হয়েছে। দু’টি মামলা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ রুজু করেছে। অপরদিকে, পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা বলেন, “আটচল্লিশ জনের নামে মামলা রুজু হয়েছে যাদবপুর থানায়। এর মধ্যে পুলিশ দুটি সুয়োমোটো মামলা রুজু হয়েছে।”