
কলকাতা: বসন্তের শেষে অকাল বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। ঝঞ্ঝার জেরে হওয়া বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সুখের দিন এবার ফুরোতে চলেছে। শুক্রবার থেকেই রাজ্যে বৃষ্টির দাপট কমবে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার আবহাওয়া ছিল কার্যত শীতের শেষবেলার মতো। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৯ ডিগ্রি কম। মহানগরের পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার পতন ছিল চোখে পড়ার মতো। দমদমে ২৭ ডিগ্রি সেলসিয়াস, বোলপুরে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আগামী ৪-৫ দিনে দ্রুত বদলাবে পরিস্থিতি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাত পোহালেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর ফলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ৫-৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ফের উষ্ণ-আর্দ্র হাওয়া ফিরে আসবে। কলকাতাতেও বৃষ্টির পর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াবে। গরম বাড়লেও এখনই তাপপ্রবাহ বা ‘হিটওয়েভ’ নিয়ে কোনও দুঃসংবাদ শোনায়নি আবহাওয়া দফতর। চলতি চৈত্র মাসে রোদের তেজ বাড়লেও আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।