Kunal Ghosh: ‘একটা চক্র কাজ করছে’, বিধানসভায় দাঁড়িয়ে তদন্ত চাইলেন কুণাল ঘোষ

WB Assembly: পরপর দুদিনই নানা ইস্যুতে সরকারর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কালীঘাট-পন্থী বিধায়কদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। হোমিওপ্যাথি কলেজের উন্নয়ন থেকে শুরু করে একাধিক ইস্যুত এদিন কথা বলেন কুণাল ঘোষ।

Kunal Ghosh: একটা চক্র কাজ করছে, বিধানসভায় দাঁড়িয়ে তদন্ত চাইলেন কুণাল ঘোষ
কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 24, 2026 | 9:28 PM

কলকাতা: অষ্টাদশ বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। এবার কার্যত এক অভূতপূর্ব ছবি দেখা যাচ্ছে বিধানসভার অন্দরে। বিরোধীরাই দু ভাগে বিভক্ত। বিরোধীদের এক পক্ষই কথায় কথায় আঙুল তুলছে অন্য পক্ষের দিকে। এই আবহেও পরপর দুদিনই নানা ইস্যুতে সরকারর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কালীঘাট-পন্থী বিধায়কদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

হোমিওপ্যাথি কলেজের উন্নয়ন থেকে শুরু করে একাধিক ইস্যুত এদিন কথা বলেন কুণাল ঘোষ। এরই মধ্যে সরব হন জলাজমি বোজানোর অভিযোগ তুলে। তাঁর দাবি, বাইপাসের ধারে কৃষিজমি ও জলাজমি বোজানোর একটা বড় চক্র চলছে। সেটা বন্ধ করতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

কুণাল ঘোষ এ কথা বলতেই শাসক পক্ষের আসন থেকে আওয়াজ ওঠে। কারণ, তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এই জলাজমি বোজানোর বিষয়ে নান মহলে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টেও। জলাজমি বুজিয়ে নরম ভিতে বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি করার অভিযোগ উঠেছে একাধিকবার। আর সেই ইস্যুতেই মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

তবে শাসক দলের আসন থেকে ছোড়া মন্তব্য শুনে কুণাল বলেন, “ঠিক আছে, ঠিক আছে, কেন্দ্রের বিরুদ্ধেও অনেক তদন্ত চাইতে পারি। সমস্যা হবে না।”

গত বছর ডিসেম্বরে এই জলাজমি বোজানোর ইস্যুতে বিচারপতি অমৃতা সিনহা কড়া পদক্ষেপ করেছিলেন। বেআইনি নির্মাণ হওয়া সব প্লটের তালিকা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি।

Follow Us