
কলকাতা: বিধায়ক কুণাল ঘোষের ওপর বারবার হামলার মামলায় পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল রাজ্য মানবাধিকার কমিশন (HRC)। বুধবারের শুনানিতে কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা (OC) হাজির না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি আই পি মুখোপাধ্যায়। পুরো বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে কমিশনের অর্ডারের অনুলিপি রাজ্য প্রশাসনের শীর্ষস্তর—মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তলব ও পুলিশের অনুপস্থিতি
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ওপর বারবার হামলার প্রেক্ষিতে বুধবারের শুনানিতে সব পক্ষকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নির্দেশ মেনে বিধায়ক কুণাল ঘোষ যথাসময়ে উপস্থিত হন, তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়। তবে বেলেঘাটা ও কালীঘাট—দুই থানার দায়িত্বপ্রাপ্ত কোনও অফিসারই শুনানিতে উপস্থিত হননি। অনুপস্থিতির কারণ হিসেবে দুই থানার ওসি ইমেল পাঠালেও, সেই ইমেলের বয়ান হুবহু একই হওয়ায় ক্ষোভ উগরে দেয় কমিশন। চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসনিক স্তরে এই ধরনের মনোভাব গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়।
ষড়যন্ত্রের আশঙ্কা ও অন্য রাজ্যের পুলিশ দিয়ে তদন্তের বার্তা
কমিশনের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও পুলিশের এভাবে অনুপস্থিত থাকাকে কেবল ‘দুর্ভাগ্যজনক’ বলেই ক্ষান্ত হননি চেয়ারম্যান, এর পেছনে কোনও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে কি না, তা-ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, স্থানীয় পুলিশ যদি সঠিকভাবে তদন্ত না করে, তবে প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিন রাজ্যের পুলিশকে দিয়ে তদন্ত করানোর উদ্যোগ নেবে কমিশন।