Suvendu Adhikari: দোলের সকালেই ভবানীপুরে হাজির শুভেন্দু, গোপালের মূর্তি হাতে নেমে পড়লেন জনসংযোগে

Holi 2025: দোলের সকালে ভবানীপুর পরিক্রমা শুভেন্দুর। ভোটে হটস্পট ভবানীপুর। দোলের দিন সকালে মিছিল শুভেন্দুর। গোপালের মূর্তি হাতে জনসংযোগে বিরোধী দলনেতা। দিলেন পুজো। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। একদিন আগেই এই ভবানীপুর জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সাফ বলেন, এক ভোটে হলেও ভবানীপুর থেকে জিতব।

Suvendu Adhikari: দোলের সকালেই ভবানীপুরে হাজির শুভেন্দু, গোপালের মূর্তি হাতে নেমে পড়লেন জনসংযোগে
দোলের সকালেই ভবানীপুরে হাজির শুভেন্দু Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 03, 2026 | 11:31 AM

কলকাতা: ভোটের হটস্পট ভবানীপুরে দোলের সকালেই জনসংযোগে নেমে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোপালের মূর্তি হাতে চলল পরিক্রমা। দিলেন পুজোও। সঙ্গে প্রচুর দলীয় কর্মী সমর্থক। একেবারে গেরুয়া বসনে চলল মিছিল। এবার এসআইআর পর্বের শুরু থেকেই ভবানীপুর নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই এই ভবানীপুর থেকে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৬০ হাজার ভোটারের নাম। যদিও ভবানীপুর জয়ের বিষয়ে বরাবরের মতোই আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই বলেছেন এক ভোটে হলেও ভবানীপুর থেকে জয় ছিনিয়ে আনবেন তিনি। অন্যদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পদ্ম বিগ্রেডও। মমতার ওই মন্তব্যের পরেই দোলের সকালে শুভেন্দুর মিছিল যে ভোটের আবহে অন্যমাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না। 

মিছিলের শেষে ভবানীপুরে রাধা-মাধবের মন্দিরে গিয়ে পুজোও দিতে দেখা যায় শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন মূলত ভবানীপুরের হিন্দু অধ্যুষিত এলাকাগুলিকে টার্গেট করেই মিছিল করেন শুভেন্দু। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। 

গত কয়েকটা মাস ধরে রাজ্য-রাজনীতিতে বারবার ফিরে ফিরে এসেছে ভবানীপুর-চর্চা। বিরোধী দলনেতা থেকে বিরোধী শিবিরের ছোট বড় সব নেতাই এক সুরে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোর দিকে। এর আগে একাধিকবার শুভেন্দুর মুখে শোনা গিয়েছে মমতাকে পরাজিত করার কথা। নন্দীগ্রামের অতীত মনে করিয়ে বারবার বলেছেন, আপনাকে এবার ভবানীপুরে হারব। এরইমধ্যে পাল্টা হুঙ্কার দিয়েছেন মমতাও। বলছেন, আমি ভবানীপুর থেকে জিতবই। সেটা যদি একটা ভোটেও হয় তা হলেও জিতব। শুভেন্দু যদি বলছেন ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। পাল্টা কটাক্ষবাণ শানিয়ে কুণাল ঘোষ বলছেন, ভবানীপুরে তাকালে ওদের চোখটাই ঝলসে যাবে। এখন দেখার ভোটের বাজারে শেষ হাসি কে হাসে!