Madan Mitra: ‘অভিষেককে বিবৃতি দিতে বলেছিলাম, পাল্টা যা বলল…’, বিস্ফোরক মদন

Madan Mitra Targets Abhishek Banerjee: অভিষেককে কটাক্ষ করে মদন বলেন, "এমন মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, জো জিতা ওহি সিকন্দার। বিজেপি জিতেছে। তুমি পদত্যাগ করো।"

Madan Mitra: অভিষেককে বিবৃতি দিতে বলেছিলাম, পাল্টা যা বলল..., বিস্ফোরক মদন
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কী বললেন মদন মিত্র?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 20, 2026 | 5:54 PM

কলকাতা: কয়েকদিন আগেই শিবির বদলে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে এসেছেন তিনি। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। সোমবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে অভিষেককে নিশানা করলেন। কয়েকঘণ্টা পর সাংবাদিক বৈঠক করে অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড আমেরিকা যেতে কতটা মরিয়া, সেকথা তুলে ধরেন কামারহাটির বিধায়ক।

কী বললেন মদন মিত্র?

এদিন সাংবাদিক বৈঠকে মদন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম। আমার সঙ্গে কুণালও (কুণাল ঘোষ) ছিল। আমরা দু’জনে মিলে আজ থেকে ১৫ দিন আগে গিয়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা বিবৃতি দিয়ে বলে দে, যে আমি সবকিছুর জন্য দায়ী। আমায় আপনারা মুক্তি দিন। আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি। আপনারা চালান পার্টি। একবছর আমাকে অন্য কাজ করতে দিন।”

এরপরই মদন বলেন, “আমার কথার উত্তরে অভিষেক আমাদের বললেন, আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে। আমি বললাম, এটা তো বিয়ের পাকা দেখা নয়। যে তুমি আমায় হার দেবে, আমি তোমায় আংটি দেব। এটা সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত। তখন অভিষেক বলল, তাহলে আমাকে আমেরিকা যেতে দিক। আমি বললাম, আমেরিকা ওরা কীভাবে ছাড়বে। আমেরিকা তো ছাড়বে আদালত। আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে, তখন কী হবে? তখন বলল, তাহলে একটা কাজ করুক, আমি যে শর্তগুলো বলব, সেগুলো পূরণ করা হোক।”

অভিষেককে কটাক্ষ করে মদন বলেন, “এমন মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, জো জিতা ওহি সিকন্দার। বিজেপি জিতেছে। তুমি পদত্যাগ করো। আমি এখন শুনছি, উনি পরশুদিন বলছেন, আপনারা চলে আসুন, আমি পদত্যাগ করব। কেউ ফিরবে না।”

মমতার হাত ছেড়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের বেইমান বলছে কালীঘাট তৃণমূল। এই নিয়ে মদন বলেন, “আমি বেইমান? আমার লাগেজ-ব্যাগেজ আছে? আমার যদি লাগেজ-ব্যাগেজ থাকে, তাহলে এতগুলো কপি কেন রোজ জমা পড়ছে বাইরে যাওয়ার জন্য। তাহলে লাগেজ-ব্যাগেজ কার আছে?” এর আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় অভিষেককে খুনি বলে আক্রমণ করেছিলেন মদন। সাংবাদিক বৈঠকে ফের তিনি বলেন, “দক্ষিণেশ্বরে আমাকে খুনের চেষ্টা হয়েছিল। আমার খুন করার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের কাছে এটা আমার ওপেন এফআইআর।”

কী বললেন কুণাল ঘোষ?

অভিষেককে নিয়ে মদনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “মদন মিত্র যে ভাষায় ভিডিয়োটি করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণ, মদন মিত্র কয়েকদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। তিনি ঋতব্রত শিবিরকে কী কী ভাষায় আক্রমণ করেছিলেন, সবাই দেখেছেন। এখন তাঁর স্ত্রী ও পুত্রদের তলব করে ইডি চিঠি পাঠাতেই, তাঁর অবস্থান, ভাষা বদলে গেল, এটা মদন মিত্র নিজের প্রতি সুবিচার করছেন না। কোনও কারণে তাঁকে হয়তো আপোস করতে হচ্ছে। অবস্থান বদলে একেবারে অতি বিপ্লবী হয়ে উঠেছেন, এটা মানুষ বুঝতে পারছেন।”

Follow Us