
কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তারপরই সাংসদের আপ্ত সহায়ক সুমিত রায়কে (Sumit Roy) গ্রেফতার করে সিআইডি (CID)। এই দুই ঘটনা নিছক কাকতালীয় নয়। অভিষেকের এই বিদেশযাত্রা কি তবে সময়ের অপেক্ষা ছিল? এবার প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে খোঁচা দিতেও ছাড়েননি।
এক জন মধ্যবিত্ত পরিবারের যুবক হয়ে কীভাবে লং আইল্যান্ডে নিউ জার্সিতে বিলাসবহুল ভিলাতে থাকছেন অভিষেক? সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গেই তৃণমূল সাংসদের জীবন যাপন নিয়ে প্রশ্ন তুললেন মদন। তৃণমূল বিধায়ক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন, তাতে সুমিত রায় কিন্তু অ্যারেস্ট হয়নি। তখনও কিন্তু সুমিত রায়কে খোঁজাখুঁজি ও গ্রেফতারের সবরকম প্রচেষ্টা চলছিল। এই লং আইল্যান্ড নিউ জার্সিতে পৃথিবীর সবথেকে উচ্চবিত্তরা থাকেন। সেখানে বাংলার কালীঘাটের মতো মধ্যবিত্ত পাড়ার যুবক ওখানে পৃথিবীর সর্বোচ্চ খরচের জায়গায় ভিলা ভাড়া করেছে।”
বিষয়টির উপর নজর দেওয়ার অনুরোধ করেছেন মদন। তাঁর কথায়, “আমরা প্রশাসনকে বলব আপনারা একটু খোঁজ নিন। এত দামি ভিলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লং আইল্যান্ড নিউ জার্সিতে তিন সপ্তাহের জন্য গেলেন । উচ্চবিত্তদের জায়গা ওটা । আর তার ঠিক পরেই সুমিত রায় ধরা পড়লেন। এতে কোনও মনোভাব আসা সম্ভব যে অভিষেকের যাওয়া একটা সময়ের অপেক্ষা ছিল…বাংলার মানুষ দেখছে বাড়ি ভেসে গিয়েছে। আর একজন লং আইল্যান্ডে গিয়ে বসে আছে।”
উল্লেখ্য, এর আগে চাটার্ড বিমান নিয়ে অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি মদন মিত্র। এমনকী, কালীঘাট তৃণমূল থেকে ঋত তৃণমূলে যেতেই মুখ খোলেন বিধায়ক। তাঁকে অভিষেক খুনের চেষ্টা করেছিলেন বলে গুরুতর অভিযোগ তোলেন। এবার সেখানে উঠে এল ‘বিলাসবহুল ভিলা’।