
কলকাতা: একসময় মমতার (Mamata Banerjee) ছায়াসঙ্গী ছিলেন। বিভিন্ন মিছিল, আন্দোলনে একসঙ্গে হেঁটেছেন। এখন সেই মদন মিত্রই (Madan Mitra) ‘বিক্ষুব্ধ’। মমতার হাত ছেড়ে ঋতব্রত অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলে চলে গিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে বিভিন্ন সময় একের পর এক বিস্ফোরক অভিযোগও তুলছেন। এবার নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতারির প্রসঙ্গে আরও একবার মমতাকে নিশানা করলেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ তিনি। মদনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাপের ঘড়া’ পরিষ্কার করছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি, নন্দীগ্রাম উপনির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মমতা তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এরপরই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই দেখা যায়, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মদন মিত্র।
কামারহাটির বিধায়ক বলেন, “এই যে মিলন প্রধানের ব্যাপার। প্রথমটায় আমারও মনে হয়েছিল একজন প্রার্থী গ্রেফতার হল। খবরটা শুনে আমিও একটু কেমন ভেবেছিলাম। কিন্তু, জানতে পারলাম ২০০৭ থেকে ২০২৬ পর্যন্ত টানা ১৯ বছর তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, খুনের অভিযোগ রয়েছে। তাহলে গ্রেফতার করার দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই দায়িত্বটা নিতে হল শুভেন্দুকে। আর শুভেন্দুকে নিতে হল এমন একটা সময় যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ফলে বলা যেতে পারে, অসম্পূর্ণ, অসমাপ্ত পাপের ঘড়া ভর্তি দুর্নীতিতে ভরা কাজগুলি এখন ধোয়ার, পরিষ্কারের দায়িত্ব পড়েছে শুভেন্দুর উপর।”
উল্লেখ্য, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মদন। তাঁর অভিযোগ, তৃণমূল ভাঙার নেপথ্যে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সবটা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন সহ্য করেছেন, প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, অভিষেককেও আক্রমণ করতে ছাড়েননি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে দুর্নীতি, খুনের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন মদন।