
কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনও ঢোকেনি অ্যাকাউন্টে? অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল করে ফেলেছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। এবার আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম এডিট (Annapurna Yojana Form Edit) করতে পারবেন। কীভাবে করবেন?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ করতে গিয়ে অনেকেই ভুল-ভ্রান্তি করে ফেলেছেন। তার জেরে অনিশ্চিত হয়ে গিয়েছে মাসিক তিন হাজার টাকা আর্থিক ভাতা পাওয়া। এই সমস্যাই এবার মিটতে চলেছে। নাম ভুল থাকলে বা আধার কার্ডের নম্বর ভুলের মতো কোনও জরুরি তথ্যে ভুল থাকলে, তা এডিট করা যাবে।
নবান্ন সূত্রে খবর, গত মাসে টাকা ঢুকলেও, এই মাসে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেক মহিলার অ্যাকাউন্টে পুরুষ আত্মীয়ের নাম রয়েছে। সেই অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকেনি। সেই মহিলাদের নতুন করে আবেদন করতে হবে।
ইতিমধ্যেই রাজ্যের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন যে যাদের সামান্য ভুলে অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ পড়েছে, তাদের ফর্ম আবার যাচাই করা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে বলেই সরকারের তরফে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আর্থিক সুবিধা পাওয়ার জন্য আগামী অগস্ট মাস পর্যন্ত আবেদন করা যাবে।