
কলকাতা: নদিয়ার তৃণমূল সংগঠনে কি এবার গৃহযুদ্ধ? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরব দলের বিধায়করা। মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবিতে চিঠি লিখেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন বিধায়করা।
বিধায়কদের বক্তব্য, প্রতি বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না বলে দাবি বিধায়কদের। মহুয়া দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় সময় দেন কম। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। চিঠিতে এমন কথার উল্লেখ করেছেন প্রায় ছ’জন বিধায়ক। চিঠির একটি প্রতিলিপি দিয়েছেন রাজ্য কমিটির তৃণমূল সভাপতি সুব্রত বক্সির কাছেও। কারা কারা চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে? উজ্জ্বল বিশ্বাস , রুকবানুর রহমান, বিমলেন্দু সিনহা, কল্লোল খান সহ ছয় বিধায়কের স্বাক্ষর রয়েছে ওই চিঠিতে ।
উল্লেখ্য, মহুয়ার সঙ্গে স্থানীয় বিধায়কদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়করা একদিকে যেমন সরব হয়েছেন সাংসদের বিরুদ্ধে। মহুয়ারও পাল্টা অভিযোগ ছিল নির্বাচনের সময় বিধায়দের সহযোগিতা তিনি পান না। কিন্তু তারপরও দল বারেবারে জাতীয় স্তরে তাঁর পারফরম্যান্সের উপরই আস্থা রেখেছেন। তৃণমূলের রদবদল নিয়ে যখন একটা চাপানউতোর শুরু হয়েছে, সেই সময় ছয় বিধায়ক মিলে মহুলা মৈত্রকে চিঠি লিখলেন বিধায়ক।