
কলকাতা: গণনাকেন্দ্রে যাওয়ার পর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকী, মহিলা হওয়ার পরও তাঁকে যে ছেড়ে কথা বলা হয়নি তাও অভিযোগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আজ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন তিনি জানালেন, তাঁর বাড়ির ইন্টারনেটও কেটে দেওয়া হয়েছে।
কী অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়?
আজ রবীন্দ্র-জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটেই হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অনেকে। সেই সময়ই অভিযোগ করতে গিয়ে বলেন, “ওরা যেদিন জিতেছে সেইদিন রাত থেকেই আমাদের সব নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে। এমনকী গত পরশুদিন অবাক হয়েছি। দেখছি ফোন আসছে না..মেসেজ ঢুকছে না…কেউ ফোনও করছে না। তখন দেখলাম আমার ইন্টারনেটটাও তুলে নিয়েছে। আরে আমাকে এক ঘণ্টা আগে জানাতে পারত। আমি এমনিও ওদের দয়া চাই না। ক্ষমা ভিক্ষা চাই না। কারণ লড়াইটা আমরাই জিতেছি।”
এর আগে গণনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সিআরপিএফ জওয়ান বাহিনী না গুণ্ডা বাহিনী। মানুষকে মারছে তারা। আমি ৩২ হাজার ভোটে জিতছিলাম। তারপরেই বিজেপির প্রার্থী ২০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাউন্টিং সেন্টার ঢুকে হুমকি দেওয়া শুরু করে। এমনকী কাউন্টিং সেন্টারে যাওয়ার সময় আমাকে আটকে দেয়। তারা আমার পেটে এবং আমার পিছনে লাঠি মারে। আমাকে নিগ্রহ করা হয়। তখন সিসিটিভি বন্ধ ছিল। আমি বলেছিলাম যে কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত আমি থাকব। কিন্তু আমাকে দুর্ব্যবহার করে বের করে দেয়।”