
কলকাতা: উত্তরপাড়া কুণাল ঘোষের (Kunal Ghosh) গাড়িতে হামলার ঘটনায় এবার সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় পুলিশকে নিশানা করলেন তিনি। মমতার অভিযোগ, পুলিশের মদতেই সব হচ্ছে। তাঁর দাবি, পরপর হামলা চালানো হচ্ছে, অথচ পুলিশ কোথাও নেই। বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
কলকাতা হাইকোর্টের শর্ত মেনে আজ শ্রীরামপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মমতার সভাতেই এদিন যোগ দিতে যাচ্ছিলেন কুণাল। সেইসময় তাঁর গাড়িতে ডিম, রড দিয়ে হামলার অভিযোগ ওঠে। এই নিয়ে সরব হন মমতা। কালীঘাটের বাড়ি থেকে শ্রীরামপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “পনেরো দিন আগের থেকে লড়ে কোর্টের অনুমতি নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। নজরবন্দী করে রেখেছে প্রায়। আমি এরকম কোথাও দেখিনি। এমনকী, আফ্রিকান কান্ট্রিতেও এসব হয় না। গুন্ডাদের দিয়ে সারা রাস্তা জ্যাম করে রেখে দিয়েছে। কোথাও পুলিশের চিহ্ন নেই। পুলিশের সাপোর্টেই হচ্ছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর করেছে। তাঁর শরীরে পুরো কাঁচ ভর্তি। তাঁর উপর হামলা করা হয়েছে। তাঁকে ঘিরে রেখেছে। পুরো জিটি রোড থেকে শুরু করে উত্তরপাড়া থেকে শুরু করে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনিতেও তো পুলিশ অনুমতি দিচ্ছে না। আদালতের থেকে অনুমতি নিয়ে করতে হচ্ছে। তারপরও এই জুলুমবাজি। পরপর হামলা হচ্ছে, কোথায় পুলিশ? পুলিশের কাজ তো যাতে আইন-শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ থাকে, তা দেখার। আমি আবারও অনুরোধ করব, সহযোগিতা করুন। আদালতের নির্দেশ শোনা উচিত। বাংলায় বিজেপি যেভাবে জুলুমবাজি চালাচ্ছে তা কোথাও হচ্ছে না। যা হচ্ছে, তা উত্তরপ্রদেশ, বিহারেও হয়নি। কারও কোনও স্বাধীনতা নেই, কারও কোনও ভোটাধিকার নেই।”
কুণাল ঘোষের গাড়িতে হামলা
শনিবার বিকেল ৪টেয় সভা শুরু হবে শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সেখানে যাওয়ার আগেই দুপুরে যাচ্ছিলেন কুণাল ঘোষ। উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে মমতা তৃণমূল। তবে বিজেপির দাবি, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।