
কলকাতা: পানিহাটির বিজেপি প্রার্থীকে নাম না করে বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “যে যত নাটক করুক । ছলনা করুক । ভোটে লড়া রাজনৈতিক দলের কাজ । প্রতি দল পরস্পরের বিরুদ্ধে বলতেই পারে । আমি বলব একটা সৌজন্য রক্ষা করবেন।”
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রটি এখন সরগরম। ২০২৬ নির্বাচনে পানিহাটি কেন্দ্রে বিজেপি রত্না দেবনাথ-কে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। রত্না দেবনাথ স্থানীয় স্তরে বিজেপির একজন পরিচিত মুখ। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় সক্রিয় প্রচার শুরু করেছেন। তবে প্রচার চলাকালীন তিনি শাসকদলের পক্ষ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন বলে একাধিকবার অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে তাদের পুরোনো এবং অভিজ্ঞ সৈনিকের বদলে এবার তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে। তীর্থঙ্কর ঘোষ স্থানীয় স্তরে জনপ্রিয় এবং দলের দীর্ঘদিনের কর্মী। তিনি বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে।
তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে, বিজেপি প্রার্থী এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে সরাসরি যুক্ত নন। সেই তুলনায় তীর্থঙ্কর ঘোষ এলাকারই সন্তান এবং সারাবছর মানুষের পাশে থাকেন। তৃণমূলের দাবি, পানিহাটির মানুষ কেবল ‘ঘরের ছেলে’কেই বেছে নেবেন।