
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনীতির সঙ্গী ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে দল পরাজিত হতেই সেই সম্পর্কে চিড় ধরেছে। এখন ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন তিনি। একদা নেত্রীকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন। সেই মদন মিত্র কি এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? হাবেভাবে অন্তত তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি।
কামারহাটি থেকে একবার নয়,তিনবার জয়ী হয়েছেন মদন। ফলে কামারহাটি যে তাঁর হাতের তালুতে তা বলার অপেক্ষা রাখে না। অথচ সেই এলাকাতেই নাকি এখন কাজ করতে পারছেন না তিনি। টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, “আমি কোনওদিন বেইমানি করিনি, আর করবও না। আমার দুঃখ আমি জিতলেও কামারহাটির মানুষের কাছে পৌঁছতে পারছি না। মানুষের কাছে পৌঁছতে গেলেই আক্রান্ত হচ্ছি।” সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বিষয়টি নজরে রাখছেন বলেও জানান মদন। বলেন, “রিভলবার, ছুরি, লোহার রড দেখানো হচ্ছে।”
এরপরই তিনি বলেছেন, “আমার বারবারই মনে হচ্ছে এই বিজয়াটাই বোধহয়…আর রাজনীতি করা যাবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাদের মতো মানুষের জন্য এটাই শেষ বিজয়া করে দিন। সব করা যাবে, ধর্ম-কর্ম সব। কিন্তু রাজনীতি করা যাবে না। মানুষ আর রাজনীতিবিদদের পছন্দ করছে না। ক্ষমতায় যাঁরা আছে তাঁদের তো করবেই। জোর করে এখন ভিড় করতে হচ্ছে। মানুষ আমাদের আর পছন্দ করছে না।”