
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে রাজ্যের বিরোধী দল দাবি করেছিল ১ কোটির বেশি নাম বাদ যাবে। এখনও পর্যন্ত পূর্ণ তালিকা সামনে আসেনি, তবে বাদ পড়েছে ৬১ লক্ষের কিছু বেশি নাম। এবার রাজনীতির কারবারিরা হিসেব কষতে শুরু করেছেন, কোন কেন্দ্রে এসআইআর-এর কেমন প্রভাব পড়তে পারে। নজরে থাকা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা বন্দর। সেখানে কী প্রভাব পড়তে পারে।
অঙ্কটা বুঝতে গেলে ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বুঝতে হবে। কলকাতা বন্দরের তিনবারের বিধায়ক ফিরহাদ হাকিম। তাঁর প্রাপ্ত ভোট শতাংশ ২০১১ থেকে বাড়তে বাড়তে ২০২১-এ প্রায় ৭০ শতাংশে পৌঁছয়।
২০২১-এ ফিরহাদ হাকিমের প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৫ হাজার ৫৪৩। ৬৯.২৩ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপির আওয়াধ কিশোর গুপ্তা ৩৬,৯৮৯ ভোট পেয়েছিলেন, যা প্রায় ২৪ শতাংশ। কংগ্রেস নেতা মহম্মদ আখতার ৫ হাজার ৫৯০টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় স্থানের তুলনায় জয়ী প্রার্থীর ভোটের ফারাক অনেকটাই বেশি ছিল। পাল্লা দিয়ে এই কেন্দ্রে এসআইআরে নামও বাদ পড়েছে অনেক।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী, কলকাতা বন্দর কেন্দ্রে বাদ পড়েছে ৬৪ হাজার ৮০০ জনের নাম। এতে কি ফিরহাদের ভোটে কোনও প্রভাব পড়বে? রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব বলে যেখানে যে দল জয়ী, সেখানে সেই দলের উপরেই প্রভাব পড়বে। ফলে ৬৪ হাজার ৮০০ জনের নাম গেলে ফিরহাদের ভোটে যে প্রভাব পড়তে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা, যদিও ফিরহাদের প্রাপ্ত ভোট ছিল অনেকটাই বেশি।