Calcutta High Court: শুক্রবারও মিলল না জামিন, আপাতত জেলেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

Calcutta High Court on Milan Pradhan: বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন মিলন প্রধান। মোট ছয়টি মামলায় গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। তার মধ্যে শুক্রবার চারটি মামলার শুনানির আবেদন ছিল কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে।

Calcutta High Court: শুক্রবারও মিলল না জামিন, আপাতত জেলেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
মিলন প্রধানImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 25, 2026 | 7:54 PM

কলকাতা: আদালতে স্বস্তি পেলেন না কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Congress Candidate Milan Pradhan)। জামিনের আবেদন ঝুলেই রইল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তাই আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। ৬ অক্টোবর নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন (Nandigram By-Election)। তার আগে প্রচারে বাকি রয়েছে মাত্র ১০ দিন। সোমবার ফের শুনানি রয়েছে হাইকোর্টে। ওই দিনই রায় দিতে পারেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপাতত, আরও দুই দিন জেলেই থাকতে হবে তাঁকে।

 কেন জামিন পেলেন না?

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন মিলন প্রধান। মোট ছয়টি মামলায় গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। তার মধ্যে শুক্রবার চারটি মামলার শুনানির আবেদন ছিল কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে, কোনও রায় দেননি বিচারপতি। জানা গিয়েছে, আরও দুটি মামলার শুনানি রয়েছে সোমবার। সব মামলা শুনে তারপর রায় দেবেন বিচারপতি।

এর আগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, “মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।” বিচারপতির আরও পর্যবেক্ষণ ছিল,নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।” বৃহস্পতিবার প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছিলেন বিচারপতি। তারপরেও শুক্রবার জামিন পেলেন না তিনি।

এদিকে, শুক্রবার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার দেখানো যাবে না। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার সেই মামলার শুনানিতে মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করে দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ । তাঁকে জামিনের আবেদন করতে বলে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us