Supreme Court: মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ রাজ্যের, মামলা শোনার আগেই সুপ্রিম কোর্ট বলল, ‘খারিজ করব’

Milan Pradhan Interim Bail Challenge: বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি রাজ্যের হয়ে উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, এটি খুনের মামলায় দেওয়া অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে রাজ্যের আবেদন। সোমবার নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে শুনানি না হলে মামলাটি কার্যত নিষ্প্রভ হয়ে যাবে। তাই, জরুরি শুনানির আবেদন জানান তিনি।

Supreme Court: মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ রাজ্যের, মামলা শোনার আগেই সুপ্রিম কোর্ট বলল, খারিজ করব
মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 30, 2026 | 12:15 PM

জ্যোতির্ময় কর্মকার

কলকাতা ও নয়াদিল্লি: কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। তবে কাগজপত্র এখনও না পৌঁছনোয় জেল থেকে ছাড়া পাননি নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। জেল থেকে ছাড়া পাওয়ার আগেই কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। একজন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জামিন পাওয়ার ক্ষেত্রে কেন বাড়তি সুবিধা পাবেন, সেই প্রশ্ন তুলে রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। আগামী সোমবার মামলার শুনানি হবে। তবে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘আমরা এই আবেদন খারিজ করব। কিন্তু সোমবার শুনানি করে খারিজ করব।’

গতকাল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। সেইসময়ই অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়ালে বলেছিলেন, “বিদেশে থাকা জঘন্যতম অপরাধে অভিযুক্ত কোনও দলের হয়ে ভোটে দাঁড়িয়ে আর্জি জানাবে তাঁকেও জামিন দেওয়া হোক। এই নজির তৈরি করা থেকে বিরত থাকুক আদালত।” রাজ্য সরকার বিরোধিতা করলেও অন্তর্বর্তী জামিন পান নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। জরুরি শুনানির আবেদন জানায়। তবে জরুরি ভিত্তিতে মামলাটি শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারই মামলার শুনানি চেয়েছিল রাজ্য। কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার জরুরি শুনানি নয়, চাইলে সোমবার মামলাটি তালিকাভুক্ত করা যেতে পারে।

বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি রাজ্যের হয়ে উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, এটি খুনের মামলায় দেওয়া অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে রাজ্যের আবেদন। সোমবার নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে শুনানি না হলে মামলাটি কার্যত নিষ্প্রভ হয়ে যাবে। তাই, জরুরি শুনানির আবেদন জানান তিনি।

জরুরি শুনানির আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, বৃহস্পতিবার নয়, সোমবার মামলাটি শোনা যেতে পারে। সলিসিটর জেনারেল ফের বৃহস্পতিবার শুনানির অনুরোধ করলে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “আমরা আশ্বাস দিতে পারি, সোমবারই তা খারিজ করব।” এরপর বৃহস্পতিবার মামলাটি তালিকাভুক্ত করার আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us