Calcutta High Court: ৬ অক্টোবর ভোট, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জেলবন্দী কংগ্রেস প্রার্থী

Milan Pradhan moves to Calcutta High Court: বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মিলন প্রধানের আইনজীবী মামলাটির উল্লেখ করেন। কংগ্রেস প্রার্থীর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। অন্যদিকে, ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচন। তার আগে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন তিনি।

Calcutta High Court: ৬ অক্টোবর ভোট, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জেলবন্দী কংগ্রেস প্রার্থী
হাইকোর্টে মিলন প্রধানImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 21, 2026 | 11:52 AM

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ জেলবন্দী নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Nandigram Congress Candidate) মিলন প্রধান (Milan Pradhan)। পাঁচটি মামলায় নিরাপত্তা চেয়ে আদালতে আর্জি জানিয়েছেন তিনি। আগামিকালই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণার দিনই মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পুরনো একটি মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়। এছাড়া, তাঁর বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে। ওই মামলাগুলিতেই নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।

রক্ষাকবচ চেয়ে আবেদন

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মিলন প্রধানের আইনজীবী মামলাটির উল্লেখ করেন। কংগ্রেস প্রার্থীর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। অন্যদিকে, ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচন। তার আগে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন তিনি। আগামিকাল সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হতে পারে বলে খবর। মিলন প্রধানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ কতখানি গুরুতর,তা খতিয়ে দেখে বিচার করবে আদালত।

উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করে নেয় মমতা-তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তারপরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সন্ধেবেলাতেই গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জানা গিয়েছে, ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় অভিযুক্ত মিলন প্রধান। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থীকে। এছাড়া, মিলন প্রধানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাট-সহ অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us