
কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছে মামলা। সংসদের সদস্যপদ নিয়ে জটিলতা এখনও জারি। এরই মধ্যে কমিটি গঠন করল এনসিপিআই (NCPI)। মঙ্গলবার সেই কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রেসিডেন্ট হিসেবে নাম রয়েছে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্য়ায়ের। দেব, রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) মতো সাংসদরাও রয়েছেন এই কমিটিতে। তবে নতুন কমিটিতে কোনও পদে নেই কাকলি ঘোষ দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।
একদিকে নোটিসের জবাব দিতে দফায় দফায় সময় চাইছে এনসিপিআই। স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন। এনসিপিআই সাংসদদের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার, জেনারেল সেক্রেটারি ও ২০ জন সাংসদকে পার্টি করে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল, তার ভিত্তিতেই এই নোটিস দেওয়া হয়েছিল। আর এবার তৈরি হল নতুন কমিটি।
মঙ্গলবার তৈরি হওয়া নতুন কমিটিতে প্রেস ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন আবু তাহের, দেব, ইউসুফ পাঠান, জগদীশ চন্দ্র বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা পাঁজা। মিতালি বাগ, বাপী হালদার পেয়েছেন সাধারণ সম্পাদক পদ। মোট ২৭ জনকে নিয়ে তৈরি হয়েছে কমিটি।
৪ মে ভোটের রেজাল্টের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন ২০ জন সাংসদ। এরপরই তৃণমূলত্যাগী সাংসদের পদ খারিজের আবেদন করেন স্পিকারকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার কোনওরকম ব্যবস্থা না দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। এরপরই এক সপ্তাহের মধ্যে জবাব চেয়ে তৃণমূলত্যাগী সাংসদদের নোটিস পাঠান স্পিকার ওম বিড়লা। কিন্তু, এখনও নোটিসের জবাব দিতে পারেননি তাঁরা।