Subhranshu Roy’s Wife Missing: স্ত্রীর খোঁজ মেলেনি এখনও, শুভ্রাংশুর প্রোফাইল পিকচার বদলাতেই জল্পনা শুরু শুভানুধ্যায়ীদের

Subhranshu Roy's Wife Missing In Nepal: ঘটনার সূত্রপাত গত ২১ অগাস্ট। হাওড়ার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে সহযোগীদের সঙ্গে নেপাল পাড়ি দিয়েছিলেন শর্মিষ্ঠা। ২৫ তারিখ রাতেও স্বামীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তাঁর। কিন্তু ২৬ অগাস্ট নেপালে হড়পা বান আসার পর থেকেই আচমকা বন্ধ হয়ে যায় শর্মিষ্ঠার মোবাইল, বিচ্ছিন্ন হয় সমস্ত যোগাযোগ।

Subhranshu Roys Wife Missing: স্ত্রীর খোঁজ মেলেনি এখনও, শুভ্রাংশুর প্রোফাইল পিকচার বদলাতেই জল্পনা শুরু শুভানুধ্যায়ীদের
শুভ্রাংশু রায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2026 | 12:36 PM

 কলকাতা: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও হড়পা বানের প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত, অথচ আজও নিখোঁজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায়। রাজ্য প্রশাসন, দিল্লির বিদেশ মন্ত্রক কিংবা কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস—সর্বত্র দরবার করেও মেলেনি কোনো ইতিবাচক বার্তা। এই দমবন্ধ করা অনিশ্চয়তার মাঝেই শুভ্রাংশু রায় সামাজিক মাধ্যমে সস্ত্রীক একটি বিষণ্ণ ‘সাদা-কালো’ ছবি প্রোফাইল পিকচার অর্থাৎ ডিপি হিসাবে ব্যবহার করেছেন। আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঘটনার সূত্রপাত গত ২১ অগাস্ট। হাওড়ার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে সহযোগীদের সঙ্গে নেপাল পাড়ি দিয়েছিলেন শর্মিষ্ঠা। ২৫ তারিখ রাতেও স্বামীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তাঁর। কিন্তু ২৬ অগাস্ট নেপালে হড়পা বান আসার পর থেকেই আচমকা বন্ধ হয়ে যায় শর্মিষ্ঠার মোবাইল, বিচ্ছিন্ন হয় সমস্ত যোগাযোগ। টিভির পর্দায় সবসময় চোখ রাখতে থাকেন শুভ্রাংশু। নানাভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিলেন।

 ভবানী ভবন থেকে শুরু করে স্থানীয় থানা ও বিদেশ মন্ত্রকের দুয়ারে দুয়ারে ঘোরেন শুভ্রাংশু ও তাঁর পরিবারের সদস্যরা। উদ্ধার হওয়া পরিচয়হীন মরদেহের পরিচয় নিশ্চিত করতে হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের ডিএনএ (DNA) নমুনাও, যার চূড়ান্ত রিপোর্ট এখনও মেলেনি। রিপোর্টের জন্য উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করার মাঝেই ফেসবুকের ডিপি-তে ভেসে ওঠা শোকাবহ সাদা-কালো ছবি যেন চরম দুঃসংবাদেরই আভাস দিচ্ছে বলে মনে করছেন শুভানুধ্যায়ীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us