
কলকাতা: রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে আজ, ১ অগস্ট থেকে চালু হওয়ার কথা বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’ (Pink Card)-র। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের (Free Bus Travel) সুযোগ পাবেন। যাদের পিঙ্ক কার্ড থাকবে না, তারা ফ্রি-তে সরকারি বাস চড়তে পারবেন না। তাদের নির্দিষ্ট ভাড়াই দিতে হবে।
ভোটে জেতার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মহিলাদের ফ্রি-তে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা চালু হচ্ছে। তিনি জানিয়েছিলেন, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিতে রাজ্যকে প্রায় ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
তবে সকলেই যে ফ্রি-তে বাসে যাতায়াত করতে চাইছেন, এমনটা নয়। অনেক মহিলা বা যুবতীকেই দেখা যাচ্ছে ভাড়া দেওয়ার জন্য বক্তব্য রাখতে। তাদের বক্তব্য, নিজেদের ভাড়া দিতে সক্ষম তারা। একান্তই যাদের প্রয়োজন, তাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হোক।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মহিলাদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছিলেন। যাদের প্রয়োজন, তারাই এই পিঙ্ক কার্ড পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। যারা ভাড়া দিতে পারবেন বা ভাড়া দিতে সক্ষম, তাদের এই কার্ড বা সুবিধা দেওয়া হবে না, তাও পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের নিরাপদ, সহজ ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা। আজ ১ অগস্ট থেকেই পিঙ্ক কার্ড চালু হওয়ার কথা। যদিও পরিবহন দফতর সূত্রে খবর, এখনও পিঙ্ক কার্ড সম্পূর্ণ তৈরি হয়নি। তাই আজ থেকেই পিঙ্ক কার্ড পুরোদমে চালু হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যারা পিঙ্ক কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এমন বহু মহিলার হাতে পিঙ্ক কার্ড পৌঁছে গিয়েছে। পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকেই কার্ডটি সরকারি বাসে ব্যবহার করা যাবে। তবে সকলের হাতে পিঙ্ক কার্ড পৌঁছতে আরও কিছুটা সময় লাগতে পারে।
বাসে ওঠার সময় পিঙ্ক কার্ড দেখালে বা নির্ধারিত পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে যাত্রীরা এই সুবিধা পাবেন। পরিবহন দফতর আশা করছে, নতুন এই ব্যবস্থা চালু হলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত আরও স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে।
প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পরিবহন নিগম, বাসকর্মী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগ মহিলাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করবে এবং গণপরিবহনের প্রতি তাঁদের আস্থা বাড়াবে।