
কলকাতা: ঘটনার সূত্রপাত গত রবিবার। ওই দিন সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদান বা ‘এনগেজড’ হওয়ার কথা নিজেই ঘোষণা করেন দেবাংশু। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। বিতর্ক দানা বাঁধে গত বুধবার। ‘মমতা তৃণমূল কংগ্রেস’-এর নেত্রী উপাসনা ফেসবুকে দেবাংশু এবং তাঁর হবু স্ত্রীর ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন। সেই পোস্টে উঠে আসে দেবাংশুর হবু স্ত্রীর অতীত জীবন, তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং দুবাইয়ে তাঁর সম্পর্ক। কিন্তু তিনি পোস্টে লেখেন, দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে অনেক চর্চা হচ্ছে, তিনি তার প্রতিবাদ করেন।
উপাসনা বর্তমানে মমতা তৃণমলের আইটি সেলের প্রধান। আগে এই দায়িত্ব সামলে এসেছেন দেবাংশু নিজে। তৎকালীন বিরোধী পক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ঠিক কী কী বিতর্ক ঘোরাফেরা করছে, তার বিস্তারিত বর্ণনা অর্থাৎ দেবাংশুর হবু স্ত্রীর অতীত নিয়ে কী ‘কাটাছেঁড়া’ চলছে, তা বলতে গিয়ে সবটাই বলে ফেলেন তিনি। তাতে বিতর্ক ওঠে আরও। নেটিজেনরা উপাসনাকেই কটাক্ষ করতে থাকেন।
এবার মুখ খুললেন দেবাংশুর হবু স্ত্রী মেঘনা।
নিজের সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেন মেঘনা। তাতে লেখেন নিজের অতীত সম্পর্কে সবটা। তিনি লেখেন, “এক বছরেরও বেশি সময় আগে, আমি এবং আমার প্রাক্তন সঙ্গী অত্যন্ত পরিণত মানসিকতা নিয়ে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। একে অপরের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা সেই অধ্যায়টির ইতি টেনেছিলাম, যাতে দুজনেই শান্তিতে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারি। অনেক দিন আগে শেষ হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে তাঁকে, আমাকে বা অন্য কাউকে অকারণে জনসমক্ষে জল্পনা-কল্পনার মধ্যে টেনে আনার কোনো মানেই হয় না।”
বাগদানের পর দেবাংশু নিজে TV9 বাংলাকে ফোনে জানিয়েছিলেন, মেঘনার সঙ্গে তাঁর ৫-৬ বছরের সম্পর্ক। কিন্তু তখন সে সম্পর্ক ছিল কেবলই বন্ধুত্বের। তাঁর সঙ্গে সম্পর্কের রং বদলায় গত এক বছরে। দুবাই থেকে এক বছর আগে বাংলায় ফিরে আসেন মেঘনা। মেঘনার পোস্টেও সেই সম্পর্কেক বনুনের কথা উঠে আসে।
তিনি বলেন, “দেবাংশু এবং আমার বন্ধুত্ব বহু বছরের। আমার জীবনের কিছু চরম কঠিন সময়ে ও স্তম্ভের মতো আমার পাশে দাঁড়িয়েছিল, আর নির্বাচনের পরবর্তী ঝড়ঝাপটার সময় আমরা একে অপরকে শক্ত করে ধরে রেখেছিলাম, হাল ছাড়িনি। সময়ের সঙ্গে সঙ্গে পারস্পরিক এই গভীর সমর্থন ও ভরসা স্বাভাবিকভাবেই আরও বড় কিছুতে পরিণত হয়, এবং আমরা বুঝতে পারি যে আমাদের সম্পর্কটা নিছক বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু।”