
নিউটাউন: প্রতিদিনের মতোই গিয়েছিলেন অফিস। কাজও করছিলেন। কিন্তু হঠাৎই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন তা হয়ত ঠাউর করতে পারেননি তাঁর সঙ্গে থাকা সহকর্মীরা। নিউটাউন আইটি সেক্টরের বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী এক আইটি কর্মী।
মৃত কর্মীর নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। বয়স চল্লিশের আশপাশে। পুলিশ সূত্রে খবর, এ দিন তিনি অফিসের ছ’তলা থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় নিউটাউনের একটি হাসপাতালে। সেখানে প্রায় ৫ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। তবে মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণে আত্মঘাতী হয়েছেন, তিনি তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইটি কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী দুজনেই নিউ টাউনের আইটি সেক্টরে কাজ করতেন। তবে বুধবার তাঁর স্ত্রীর ওয়ার্ক ফর্ম হোম ছিল। সেই কারণে তিনি বাড়িতেই ছিলেন।
আরও জানা গিয়েছে যে দ্বৈপায়ন ভট্টাচার্যের মানসিক রোগের চিকিৎসা চলছিল। তবে কী কারণে তিনি আত্মহননের চেষ্টা করলেন তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে। তবে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে।