
কলকাতা: পাক চর রানা রউফকে (Rana Rauf) সাহায্যের অভিযোগে এসটিএফ-এর (STF) জালে আরও এক। ধৃতের নাম ইমরান হোসেন। তপসিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর কয়েকদিন আগে রানা-র ‘সহযোগী’হিসেবে তপসিয়া থেকেই এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। মহম্মদ ইজাজের পর এবার এসটিএফ-এর জালে ইমরান। তাঁর বিরুদ্ধে রানাকে ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এসটিএফ সূত্রে খবর, ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার পাশাপাশি আরও বড় অভিযোগ উঠেছে এই ইমরানের বিরুদ্ধে। অভিযোগ, রানাকে পাকিস্তান থেকে ভারত তথা কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এসটিএফ সূত্রে খবর, কাঠমান্ডু থেকে বিহার-নেপাল সীমান্ত দিয়ে রানাকে কলকাতায় নিয়ে আসত ইমরান। নেপাল থেকে প্রায় পাঁচ বার কলকাতায় এসেছিল পাক চর। তারপর বিভিন্ন সেনা ছাউনি যেমন ফোর্ট উইলিয়ম, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এছাড়া বিভিন্ন রেল স্টেশনে নিয়ে যেত বলে অভিযোগ। মূলত, রানাকে কলকাতা চেনাতে সাহায্য করতেন ইমরান। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতকে আজ আদালতে বারাসত আদালতে পেশ করা হবে।
এসটিএফ মনে করছে শুধুমাত্র রানা,ইজাজ ও ইমরান নয়, আরও অনেকে রয়েছে। মূলত, ঘুরপথে ISI-কে সাহায্য করছে একটা বড় চক্র। এমনই অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে হাবড়া থেকে জঙ্গি সন্দেহে রানা রউফকে গ্রেফতার করেছে এসটিএফ। অভিযোগ, রানা পাকিস্তানের নাগরিক হয়েও ভুয়ো নথি নিয়ে কলকাতায় থাকত। এসটিএফ সূত্রে খবর, ভারতীয় সেনা, নৌসেনা ও রেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাঠাত। তার সূত্র ধরেই তপসিয়া এক কলেজ ছাত্র মহম্মদ আজিজকে গ্রেফতার করেছে।