Park Street: ভূমিকম্পে নড়ে গিয়েছিল! বাড়ি ভেঙে ভয়ঙ্কর কাণ্ড পার্ক স্ট্রিটে

এভাবে বাড়ি ভাঙার নজির কলকাতায় বহু রয়েছে। একাধিকবার এই পরিস্থিতি তৈরি হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সব বিপজ্জনক বাড়ি নিয়ে কলকাতা পুরসভা কতটা সতর্ক সেই প্রশ্ন আরও একবার সামনে এসেছে। এছাড়া অবৈধ নির্মাণ নিয়ে বারবার সতর্ক করেছেন কলকাতা হাইকোর্ট।

Park Street: ভূমিকম্পে নড়ে গিয়েছিল! বাড়ি ভেঙে ভয়ঙ্কর কাণ্ড পার্ক স্ট্রিটে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 03, 2026 | 11:46 AM

কলকাতা: দোলের দিন সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির অংশ। প্রতিবেশীদের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি যে ভূমিকম্প হয়, তাতেই কেঁপে ওঠে ওই বাড়িটি। তার জেরেই মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা বলে মনে করছেন প্রতিবেশীরা। গত শুক্রবার ওই ভূমিকম্পে কীভাবে রাস্তায় ফাটল ধরেছিল, তা দেখা গিয়েছে বেহালায়। তার জেরে এবার ভাঙল বাড়ি? আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে।

তবে ওই বাড়িটি ১৫০ বছরের পুরনো। ভগ্নদশা হয়েছে বাড়িটির একাধিক জায়গার। বিপজ্জনক বাড়ির চেহারা নিয়েছিল অনেকদিন আগেই। আর মঙ্গলবার সকাল ঠিক সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়িটির একাংশ ভেঙে পড়ে। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না, ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রতিবেশীরা জানিয়েছেন, ১৫০ বছরের পুরনো ওই বাড়িতে ১৩ থেকে ১৪ জন বসবাস করেন। তবে কপালজোরে এদিন বেঁচে যান তাঁরা।

তবে এভাবে বাড়ি ভাঙার নজির কলকাতায় বহু রয়েছে। একাধিকবার এই পরিস্থিতি তৈরি হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সব বিপজ্জনক বাড়ি নিয়ে কলকাতা পুরসভা কতটা সতর্ক সেই প্রশ্ন আরও একবার সামনে এসেছে। এছাড়া অবৈধ নির্মাণ নিয়ে বারবার সতর্ক করেছেন কলকাতা হাইকোর্ট। এমনকী কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভেঙে ফেলার কথাও বলা হয়েছে আদালতের তরফে। তবে ভূমিকম্পের প্রভাব কলকাতায় কতটা পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।