
দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট
কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত শহর কলকাতা। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খাস কলকাতার ট্যাংরা এলাকা। আক্রান্ত হলেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার রাত সোয়া ন’টা নাগাদ ট্যাংরার ৩১/১ পুলিন খাটিক রোডে এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বিক্রম খাটিক প্রতিদিন তাঁর বাড়ির সামনে নিজের গাড়ি পার্ক করেন। অভিযোগ, মঙ্গলবার সেখানে অন্য একজন জোর করে গাড়ি পার্ক করে রাখেন। রাতে বিক্রমবাবু তাঁকে গাড়িটি সরাতে বললে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় পাড়ার প্রায় ৪০-৫০ জন মিলে বিক্রম খাটিক ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন বিক্রম খাটিক, সাবিত্রী খাটিক এবং সানি খাটিক। তাঁদের লোহার রড ও ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেবল শারীরিক হেনস্থাই নয়, অভিযুক্তরা বিক্রমবাবুর বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডবও চালায় বলে অভিযোগ।
আক্রান্ত বিক্রমবাবুর স্ত্রী প্রীতি খাটিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় গাঁজা ও ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত। এর আগেও ট্যাংরা থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর দাবি, পুলিশ তাঁদের অভিযোগকে গুরুত্ব দেয়নি।
তিনি আরও জানান, তাঁরা নিজেরাও এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত। বর্তমানে এই ঘটনায় চরম আতঙ্কে খাটিক পরিবার। বিক্রমবাবু কাতর আর্জি করে বলেন, “আমাদের বাঁচান, নাহলে ওরা আমায় মেরে ফেলবে। এর আগেও ওরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।”
এই ঘটনায় মূলত মূল অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ট্যাংরা থানায়। অভিযুক্তরা হলেন, শিবু খাটিক, রোহিত দাস, সানিয়া আলম, টুটু খাটিক, পিঙ্কি খাটিক, সন্ধ্যা, আশিস খাটিক, সাহিল রানা, মণীশ খাটিক, বিজলি দাস এবং নাসির আলম। ভোটের মুখে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।