Petrol Pump on UPI MDR: UPI নয়, পেট্রোল পাম্পে ফের ক্যাশেই পেমেন্ট করতে হবে? বড় হুঁশিয়ারি ডিলারদের

MDR on UPI: ইউপিআই-তে জ্বালানি কেনার ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা করে এমডিআর (MDR) বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (AIPDA)। ডিলার সংগঠনের বক্তব্য, পেট্রোল পাম্প ব্যবসায় লাভের পরিমাণ নির্দিষ্ট এবং তুলনামূলকভাবে কম।

Petrol Pump on UPI MDR: UPI নয়, পেট্রোল পাম্পে ফের ক্যাশেই পেমেন্ট করতে হবে? বড় হুঁশিয়ারি ডিলারদের
পেট্রোল পাম্প আবার নগদে ফিরবে?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 16, 2026 | 10:16 PM

কলকাতা: ইউপিআই (UPI) লেনদেন আর ফ্রি নয়। বসছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) বা এমডিআর (MDR)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দুই হাজার টাকার উপরে লেনদেনে এমডিআর বসানোর কথা ঘোষণা করেছে। আর তারপরই একদিকে যেমন সংশয় তৈরি হয়েছে, তেমনই আশঙ্কাও জাগছে। এরমধ্যেই নগদ লেনদেনে ফেরার হুঁশিয়ারি দিল পেট্রোল পাম্প ডিলাররা।

পেট্রোল পাম্পে কত চার্জ লাগবে?  

নতুন নিয়মে বলা হয়েছে, ২০০০ টাকা বা তার বেশি ইউপিআই পেমেন্টে ০.০৪ শতাংশ হারে এমডিআর দিতে হবে। ৭৫,০০০ টাকার উপরে লেনদেনে ৩০০ টাকা দিতে হবে। সেখানেই রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানির ক্ষেত্রে ২০০০ টাকার লেনদেন করলে ৫ টাকা করে চার্জ দিতে হবে বলে জানানো হয়েছে। ২০০০ টাকার নীচে কোনও চার্জ লাগবে না।

কী বলছেন ডিলাররা?

ইউপিআই-তে জ্বালানি কেনার ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা করে এমডিআর (MDR) বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (AIPDA)। ডিলার সংগঠনের বক্তব্য, পেট্রোল পাম্প ব্যবসায় লাভের পরিমাণ নির্দিষ্ট এবং তুলনামূলকভাবে কম। ফলে প্রতিটি ইউপিআই লেনদেনে ৫ টাকা করে এমডিআর দিতে হলে, সরাসরি তাদের উপরই অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই পরিস্থিতিতে জ্বালানি কেনার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টকে এমডিআর-র আওতার বাইরে রাখার দাবি জানিয়েছে এআইপিডিএ (AIPDA)।

নগদে ফিরবেন আবার?

সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই চার্জ প্রত্যাহার না হলে নির্দিষ্ট সীমার বেশি অঙ্কের লেনদেনে আবার নগদে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা চালু করার কথা বিবেচনা করতে পারেন পেট্রল পাম্প ডিলাররা। এর ফলে ডিজিটাল পেমেন্টের পরিবর্তে বড় অঙ্কের জ্বালানি কেনাকাটায় নগদ লেনদেন বাড়তে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

কী প্রতিক্রিয়া পেট্রোল পাম্পে?

এদিকে, এমডিআর চালুর ঘোষণার পরই পেট্রোল পাম্পে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।  অনেকেই মনে করছেন নগদ লেনদেনে ফিরলেই সুবিধা হবে। আবার অধিকাংশের মতে, নগদ লেনদেন হলে অসুবিধা অনেক বাড়বে।

Loading...
Unable to load recommendations.
Follow Us