
কলকাতা: সাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। সামনে এল পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। অভিযোগ, তাদের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকী মঞ্চ ভাঙার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে বলেও অভিযোগ।
প্রায় ৬২ দিন ধরে আন্দোলন চলছিল এসআরএফটিআই ক্যাম্পাসে। ভাইস চ্যান্সেলরের পদত্যাগ সহ একাধিক দাবিতে গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। কার্যত অচল হয়ে পড়েছিল গোটা প্রতিষ্ঠান। ব্যাহত হয় পঠন-পাঠন। কিছুদিন আগে সব পড়ুয়াদের বাড়ি চলে যাওয়ার নির্দেশিকাও দেওয়া হয়। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরেই এই আন্দোলনের সূত্রপাত। পরে হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধেও পড়ুয়াদের ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই থেকে জারি ছিল আন্দোলন।
শনিবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পড়ুয়ারা মঞ্চ ভাঙতে বাধা দিলে পুলিশ রীতিমতো চড়াও হয়। এরপর ছাত্র ও ছাত্রীদের রীতিমতো চ্যাংদোলা করে সরানোর চেষ্টা করে পুলিশ। একাধিক ছাত্রীকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে তাদের থাকার ঘরেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এক ছাত্রী বলেন, “আমি ভিনরাজ্যের বাসিন্দা। আমার এখানে আর কোনও থাকার জায়গা নেই। পুলিশকে বলা সত্ত্বেও ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না।”