
সম্প্রতি রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের ১০৯ নম্বর বুথে ভোটের সংখ্যা নিয়ে শতরূপ ঘোষের দেওয়া তথ্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারী আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট বুথের ভোটের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য যাচাই না করেই ভুল তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন সিপিআইএম নেতা। এর ফলে ভোটপ্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শুধু নির্বাচনী তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো নয়, শতরূপের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগও তুলেছেন ওই আইনজীবী। দুর্গাপুজোর ঠিক আগে এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে অভিযোগকারীর আশঙ্কা।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই চেতলা থানার দ্বারস্থ হয়েছেন তিনি। লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি সেটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
তবে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগগুলি নিয়েও স্বাধীনভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। এই বিষয়ে শতরূপ ঘোষের প্রতিক্রিয়াও এখনও জানা যায়নি।