Kunal Ghosh: রাতে কুণাল ঘোষের বাড়িতে পুলিশ! রেকর্ড করা হল বিধায়কের বয়ান, কেন?
Police at Kunal Ghosh House: শনিবার মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পরই ভবানী ভবনে গিয়েছিলেন কুণাল। তাঁর দাবি ছিল, রাজ্য পুলিশের যে কোনও আঘিকারিকের সঙ্গে কথা বলবেন তিনি।
কলকাতা: বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে পুলিশ। সোমবার রাতে কুণাল ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ বিধায়কের সঙ্গে কথা বলেন তাঁরা। বিধায়কের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর। এদিকে, বিধায়কের বাড়িতে পুলিশ পৌঁছতেই জোর চর্চা শুরু হয়। পুলিশ কোন বিষয়ে কেন বয়ান রেকর্ড করল বিধায়কের, তা নিয়ে আলোচনা শুরু হয়।
শনিবার মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পরই ভবানী ভবনে গিয়েছিলেন কুণাল। তাঁর দাবি ছিল, রাজ্য পুলিশের যে কোনও আঘিকারিকের সঙ্গে কথা বলবেন তিনি। কিন্তু, বন্ধ গেটের এপার থেকেই ফিরতে হয়। এরপরই আলিপুর থানায় যান তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন তিনি।
ওই ঘটনার তদন্তে নেমেই এদিন কুণালের বাড়িতে যায় পুলিশ। গোটা ঘটনায় বিধায়কের বয়ান রেকর্ড করা হয়।
উত্তরপাড়ার পর বেলেঘাটাতেও আক্রান্ত হন কুণাল। ১৮ ঘণ্টার মধ্যে পরপর হামলার অভিযোগ তোলেন তৃণমূল নেতা। তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ইল্যুতে সোমবার সকালে মানবাধিকার কমিশনে যান কুণাল। বিধায়কের দাবি. ৩০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। এই শুনানিতে কলকাতা, চন্দননগরের পুলিশ কমিশনারকে তলব করা হয়েছে বলে দাবি বিধায়কের। এছাড়া নারকেলডাঙা ও উত্তরপাড়ার ওসি-কে তলব করা হয় বলে দাবি বেলেঘাটার বিধায়কের।
