
কলকাতা: তিলোত্তমাকাণ্ডে সিএফএসএল-এর রিপোর্ট আসার পর থেকেই নতুন করে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি করের ৮ তলায় অর্থোপেডিক ওটির উল্টোদিকের ঘর কেন সিল করেছিল সিবিআই? এই প্রশ্নের উত্তর মিলছে একটি ভিডিয়োতে। TV9 বাংলার হাতে সেই চাঞ্চল্যকর ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওটি রুমের উল্টোদিকের ঘরের ভিতরে রয়েছে গ্লাভস, মাস্ক, সার্জারির ছুরি। সেগুলো সেখানে কীভাবে এল? মেঝেতেও রয়েছে রক্তের গাঢ় দাগ। ওই রুমে যে মেশিনও রয়েছে, তা কোনও শারীরিক পরীক্ষার জন্য ব্যবহৃত হলে, তাতে রক্ত বেরনোর কোনও অবকাশ নেই। তবে সিবিআই-এর তরফ থেকে ঘর সিল করে দেওয়া হয়েছে।
তদন্তকারীদের বক্তব্য, এই ভিডিয়ো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সিএফএসএল-এর রিপোর্ট বলছে, প্লেস অফ অকারেন্স অন্য। তখন আট তলার এই ঘরের ভিডিয়ো অত্যন্ত ইঙ্গিতবাহী। এই ঘরটি অর্থোপেডিক ওটির উল্টোদিকের ঘর। অর্থোপেডিক ওটির সার্জন ছিলেন সন্দীপ ঘোষ। সেই ঘর সিল করে রেখেছিল সিবিআই। সেই ঘরে ব্যবহৃত ছুরি, গ্লাভস, মেঝেতে গাঢ় দাগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেপ্টেম্বর থেকে সেই ঘর সিল। তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল চার তলার ঘর থেকে। যদি সিএফএসএল-এর রিপোর্ট সত্য হয়, তাহলে কি এই ঘরের কোনও আট তলার ঘরের কোনও যোগসূত্র রয়েছে? এই প্রশ্নই উঠছে।