
কলকাতা: রাজ্যজুড়ে হাওয়ার ভোলবদল, শনিবার থেকেই শুরু ঝড়-বৃষ্টি। যদিও তাতে ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। শনিবারই ভিজতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম। হাওয়া অফিস বলছে, রবিবারও দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির দাপট বাড়বে নতুন সপ্তাহের শুরুর দিকে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। বাদ যাবে না কলকাতাও। ওই দুই দিন কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামগ্রিকভাবে বৃষ্টির ছবি দেখা যাবে আগামী বুধবার পর্যন্ত।
অন্যদিকে এদিন সকাল থেকেই আবার কুয়াশার ভালরকম দাপট দেখা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে এদিন ভোর থেকে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকল আরামবাগ। কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে। সকাল ৮টার পরেও দাপট কমেনি কুয়াশার। শুধু আরামবাগ নয়, একই ছবি দেখা যায় রাজ্যের নানা প্রান্তেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন থেকেই উত্তরবঙ্গেও হাওয়া বদল শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পাহাড়ি জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। বৃষ্টির সঙ্গেই বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। থাকছে বজ্রপাতের আশঙ্কা। সে বিষয়ে বারবার সতর্ক করছে আবহাওয়া দফতর। অন্যদিকে কুয়াশার দাপট আগামী কয়েকদিন চলবে কমবেশি প্রায় সব জেলাতেই। আর্দ্রতার গ্রাফও ক্রমশ উপরের দিকেই। এখন দেখার শুক্রবার ছবিটা কতটা বদলায়।