
রবিবার ফের রাত দখলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। দাবি একটাই, ‘বিচার চাই’। ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। তবে এই একজনই কি এমন নৃশংস ঘটনার নেপথ্যে নাকি হাত আছে আরও, তার জবাব চাইছে গোটা রাজ্য, গোটা দেশ। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ। আগামিকাল ৯ সেপ্টেম্বর। এক মাস পার। সোমবার ৯ তারিখই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই মামলার দ্বিতীয় শুনানি এদিন। তার আগে দিকে দিকে রাত দখলে নারী-পুরুষ নির্বিশেষে।
‘বিচার যতই থমকে রবে, গর্জন ততই তীব্র হবে’। তিলোত্তমাকাণ্ডের ১ মাস পার। বিচার চেয়ে পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আন্দোলনরত ডাক্তাররা। মেদিনীপুর শহরের নানুরচক এলাকায় প্রতিবাদে সামিল হন তাঁরা।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন চলছে। ১৪ কিলোমিটার দীর্ঘ পথে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে। সবিস্তারে পড়ুন: ১৪ কিমি পথজুড়ে মানববন্ধন, পথে পথে শুধুই মানুষের গর্জন…
রং তুলির প্রতিবাদে কুমোরটুলিতে আছেন সনাতন দিন্দা। শহরের বহু নামকরা পুজো কমিটির দুর্গাপ্রতিমা গড়েন তিনি। আরজি করকাণ্ডেও অভিনব প্রতিবাদ।
আরজি করের প্রতিবাদের ঢেউ দেশকালের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে। সিডনি থেকে অকল্যান্ড, জোহানেসবার্গ থেকে টোকিও―সর্বত্র প্রতিবাদের ঢেউ।
এদিন প্রতিবাদে সামিল তিলোত্তমার দাদা বলেন, “মনে বল পেয়েছি। আমরা বিচারের দাবি জানাচ্ছি। ৯ তারিখের ঘটনা সবাই দেখেছেন। যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেখানে পোস্টমর্টেম হল। যারা মেঘের আড়ালে আছে তাদের বিচার হোক।’
হেদুয়ায় মিছিলে রিক্সা চালকরা। তাঁরা টানা রিক্সা নিয়ে পথে নেমেছেন আজ। অন্যদিকে রাসবিহারীতে প্রতিবাদে বিশ্বভারতীর প্রাক্তনীরা।
টালিগঞ্জে আবারও কলাকুশলীদের মিছিল। এনআরএস থেকে মিছিল করছেন চিকিৎসকরা। গড়িয়াহাটে মিছিল ৪৯টি স্কুলের প্রাক্তনীদের। কুমোরটুলিতে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীরা।