
ভোটের আবহে বড় ধাক্কা রাজ্যের। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে ২০১৬ পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এদিন ২০১৬ সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয়। একমাত্র সোমা দাস নামে এক শিক্ষিকার চাকরি থাকছে। তিনি ক্যান্সারের রোগী। আদালতের নির্দেশেই চাকরি পেয়েছিলেন তিনি। অন্যদিকে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন, তাঁদের ফেরাতে হবে বেতন, তাও ১২ শতাংশ সুদ সমেত। তবে যোগ্য অথচ যাঁদের চাকরি গিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কোর্ট। কীভাবে হবে যোগ্য-অযোগ্যদের নির্ধারণ? তাঁদের মূল্যায়ণই বা কীভাবে সম্ভব? টিভি ৯ বাংলায় সব প্রশ্নের উত্তর দিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত।
অযোগ্য ও যোগ্যদের মূল্যায়ন কীভাবে সম্ভব?
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত: এটা চূড়ান্ত রায়। প্যানেল বাতিল হয়েছে। এখন দেখতে হবে অযোগ্যদের বাদ নিয়ে যোগ্যদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার কোনও নির্দেশ কোর্টের আছে কি না। সেটা করা সম্ভব কি না। যদি এটা সম্ভব না হয়, তাহলে চূড়ান্তভাবে বাতিল করে নতুন ভাবে পরীক্ষা দিতে হবে। তার জন্য অপেক্ষা করে পুরো অর্ডার দিতে হবে।
যাঁদের চাকরি গেল সেই প্রিয়াঙ্কা-অনামিকারা আবারও আবেদন করতে পারবেন?
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত: আইন হল, ২০১৬ সালে যেদিন বিজ্ঞপ্তি জারি হয়েছিল চাকরির জন্য, সেদিন পর্যন্ত যাঁরা যোগ্য ছিলেন তাঁদের বাইরে কেউ আসতে পারবে না। এবং যদি তাঁরা আসেন, পরবর্তীকালে যাঁরা যোগ্য হয়েছেন তাঁদের জায়গা থাকে না আইনত।
পুরো প্যানেল বাদ গেল। এবার নতুন করে যদি কেউ আবেদন করেন তাহলে এতদিন ধরে যাঁরা চাকরি করেছেন তাঁদেরও কি তার মধ্যে যোগদান করতে হবে?
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত: আইন বলছে, ২০১৬ সালে যেদিন প্রথম বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই দিন পর্যন্ত যাঁরা যোগ্য ছিলেন, পরবর্তীকালে যাঁরা যোগ্যতা অর্জন করেছিলেন তাঁরা আসতে পারেন না।
যোগ্যদের বেছে নেওয়া কতটা কঠীন?
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত: আমরা দেখেছি ওএমআর শিট বিকৃতি হয়েছে। প্রাক্তন বিচারপতি বাগের কমিটির যে রিপোর্ট রয়েছে সেটা দেখতে হবে। যে নথিগুলি রয়েছে সেগুলি দেখতে হবে। এই সব জিনিস থেকে যদি তথ্য পাওয়া যায় তবেই বিচার করা যাবে যোগ্য ও অযোগ্য কারা। তবে এই সমস্ত জিনিসের মধ্যে কিছু নষ্ট হয়ে যায় তাহলে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করাটা সম্ভব হবে না। ওই জন্য রায় কী বলা হয়েছে সেটা দেখে নেওয়া দরকার।
OMR-শিট সিবিআই-এর কাছে। আদালত বলেছে ১৫ দিনের মধ্যে নিয়োগ করতে হবে। এসএসসি কি এই পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে?
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীস করগুপ্ত: শুরু করতে হবে। যদি তৈরি না থাকে তাহলে প্রস্তুত হতে হবে।