Higher secondary result: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? দিন জানিয়ে দিল সংসদ

Higher secondary examinations result: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে অনলাইনে নিজের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থী। তবে কোন কোন সাইটে ফল দেখা যাবে, তা এখনও জানায়নি সংসদ। প্রতি বছর টিভি৯ ডিজিটালে উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারেন পরীক্ষার্থীরা। এবারও পরীক্ষার্থীরা তাঁদের ফল টিভি৯ বাংলা ডিজিটালে দেখতে পাবেন।

Higher secondary result: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? দিন জানিয়ে দিল সংসদ
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 22, 2026 | 1:41 PM

কলকাতা: বাংলায় ভোটের আবহ। আর সেই আবহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এদিন একটি প্রেস বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ১৪ মে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। আধ ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা থেকে অনলাইনে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন কোন ওয়েবসাইটে ফল জানা যাবে, তা নিয়ে শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, সংসদের ওয়েবসাইটে এই নিয়ে পরে জানানো হবে। প্রসঙ্গত, প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফল টিভি৯ বাংলা ডিজিটালে দেখতে পারেন পরীক্ষার্থী। এবছরও পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট টিভি৯ বাংলা ডিজিটালে দেখতে পারবেন।

এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। সবমিলিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী।

এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে ৮ মে। অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশের ৬ দিন পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। আবার বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ৪ মে। সবমিলিয়ে বাংলায় ভোটের ফল প্রকাশের পরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।

Follow Us