
কলকাতা: বিকল্প নাম ও প্রতীকের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে মেইল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস- যে কোনও একটি নামে লড়তে চান ঋতব্রতরা। প্রতীক হিসাবে আবেদন করা হয়েছে ‘খাম’, ‘টর্চ’ ও ব্ল্যাকবোর্ড। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার সকালেই সাংবাদিক বৈঠক করতে চলেছেন। সেখানে জানা যেতে পারে, তিনি কী নাম ঠিক করলেন কিংবা প্রতীক হিসাবেও কী কী প্রস্তাব দিয়েছেন।
ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা দুটো উপনির্বাচনে লড়াই করছে। নির্বাচন কমিশনের তরফে তিনটি সম্ভাব্য নাম পাঠাতে বলা হয়েছিল। আমরা সেটা পাঠিয়েছি। দলের দুটি সম্ভাব্য নাম ও তিনটি সম্ভাব্য প্রতীক মনোনীত করে পাঠানো হয়। এবার কমিশনের ব্যাপার তাঁরা আমাদের কী প্রতীক ও দলের কী নাম দেবেন।”
গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল কংগ্রেস নাম ও জোড়া ফুল প্রতীকের আসল দাবিদার কে, তা নিয়ে কমিশনের দরবারে কম জলঘোলা হয়নি। বৃহস্পতিবার কমিশন তৃণমূলের প্রতীক-দ্বন্দ্বে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভার উপনির্বাচন রয়েছে। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কমিশন জানিয়েছে, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত তারা ব্যবহার করতে পারবে না। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কাল রাত সাড়ে এগারোটায় নতুন প্রস্তাবিত সিম্বল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে ।