Saints Protest: আশ্রমে ঢুকে ‘হুমকি’, ‘মারধর’, প্রতিবাদে রাস্তায় সাধু-সন্ন্যাসীরা, কার্তিক মহারাজের নেতৃত্বে মিছিল

Saints Protest in Kolkata: কার্তিক মহারাজ বলেন, "ভারতবর্ষ সাধু-সন্ন্যাসীদের দেশ। এই বাংলার বুকে মনীষীরা জন্ম নিয়েছে। সেই বাংলার বুকে সাধু-সন্ন্যাসীদের চোর-ডাকাত বলে অপমান করা হচ্ছে। প্রাচীন আশ্রমের সন্ন্যাসীরা অপমানিত হয়েছেন। সারা ভারতবর্ষের সাধু সমাজ অপমানিত হয়েছে। সব মঠ ও মিশন থেকে সাধুরা রাস্তায় নেমেছে।"

Saints Protest: আশ্রমে ঢুকে হুমকি, মারধর, প্রতিবাদে রাস্তায় সাধু-সন্ন্যাসীরা, কার্তিক মহারাজের নেতৃত্বে মিছিল
সাধুদের প্রতিবাদ মিছিলImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 19, 2026 | 4:34 PM

কলকাতা : ভবানীপুরের আশ্রমে ঢুকে সাধুদের হুমকি ও মারধরের অভিযোগ। প্রতিবাদে রাজপথে নামলেন সাধুরা। বালিগঞ্জ থেকে ভবানীপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটালেন তাঁরা। তার আগে প্রতিবাদে দীর্ঘক্ষণ গড়িয়াহাট আটকে রেখেছিলেন সাধুরা। তারপর ভারত সেবাশ্রম থেকে ভবানীপুরের দিকে এগোতে শুরু করে মিছিল। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্তও। মিছিলে ছিলেন কার্তিক মহারাজ। এর আগে সাধুদের হুমকি দেওয়ার ঘটনায় রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন তিনি। গোটা দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহরাজ।

কী ঘটেছিল?

সম্প্রতি, যদুবাবুর বাজারে ভোলাগিরি আশ্রমে ঢুকে সাধু-সন্ন্যাসীদের মারধরের অভিযোগ ওঠে। একইসঙ্গে তাঁদের হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অসীম বোস ও তাঁর সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, হঠাৎই দলীয় পতাকা হাতে কয়েকজন সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে আশ্রমে হামলা চালায়। সাধুদের মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অসীম বোস। ওই আশ্রম থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “তাঁর কাছে অনেক অভিযোগ এসেছে। আশ্রমে সাধুর বেশ পরে রয়েছেন অনেকে। বাইরে থেকে এসেছে। তাঁদের কাছে উপযুক্ত নথি নেই। অস্ত্র নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। বাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে।” তারপরই আশ্রমে গিয়ে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

তবে, সন্ন্যাসীরা অভিযোগ করেছেন, তাঁদের উপর হামলা চালানো হয়েছে। তারই প্রতিবাদে আজ এই মিছিল। এদিনের মিছিল থেকে কার্তিক মহারাজ বলেন, “ভারতবর্ষ সাধু-সন্ন্যাসীদের দেশ। এই বাংলার বুকে মনীষীরা জন্ম নিয়েছে। সেই বাংলার বুকে সাধু-সন্ন্যাসীদের চোর-ডাকাত বলে অপমান করা হচ্ছে। প্রাচীন আশ্রমের সন্ন্যাসীরা অপমানিত হয়েছেন। সারা ভারতবর্ষের সাধু সমাজ অপমানিত হয়েছে। সব মঠ ও মিশন থেকে সাধুরা রাস্তায় নেমেছে।” কেন সাধুদের অপমান করা হচ্ছে, প্রশ্ন তুলে গর্জে উঠেছেন তিনি। একইসঙ্গে এই প্রতিবাদ গোটা দেশে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Follow Us