
কলকাতা ও লখনউ: বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে আচমকা আলোচনায় উত্তর প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মা। বাংলায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে এসেছেন তিনি। আর পুলিশ পর্যবেক্ষক হিসেবে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, সেই ভিডিয়ো এখন ভাইরাল। ‘সিঙ্ঘম’ আইপিএস অজয় পাল শর্মার এই হুঙ্কার নিয়ে এবার সরব হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
কী বললেন অখিলেশ যাদব?
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে আইপিএস অজয় পাল শর্মার হুঁশিয়ারি দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছে বঙ্গ বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, “গত ৫০ বছরের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং যে কেউ বাড়াবাড়ি করার সাহস দেখাবে, তাকে উচিত শিক্ষা দেওয়া হবে।”
আইপিএস অজয় পাল শর্মার প্রশংসা করে বিজেপি ভিডিয়ো শেয়ার করার পরই সরব হন সমাজবাদী পার্টি সুপ্রিমো। অখিলেশও একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতে দেখা যায়, টিএমসি অফিসের মতো দেখতে একটি জায়গার বাইরে মোতায়েন নিরাপত্তাকর্মীদের প্রশ্ন করছেন ওই আইপিএস।
এক্স হ্যান্ডলে অখিলেশ লেখেন, “পশ্চিমবঙ্গে পর্যবেক্ষকের নামে রামপুর ও সম্ভলে যাচাই করা এজেন্টদের পাঠিয়েছে বিজেপি। কিন্তু তারা কিছুই করতে পারবে না। দিদি এখানে আছেন। দিদি সেখানেই থাকবেন! সঠিক সময় এলে বিজেপি ও তার মিত্রদের এই ‘এজেন্ডা এজেন্টদের’ সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে।” অজয় পাল শর্মাকে একজন ‘গণতন্ত্রের অপরাধী’ বলেও অভিহিত করেন অখিলেশ।
কে এই অজয় পাল শর্মা?
অজয় পাল শর্মা ২০১১ ব্যাচের আইপিএস অফিসার। আইপিএস অফিসার হওয়ার আগে দাঁতের সার্জেন ছিলেন তিনি। পঞ্জাবের লুধিয়ানায় বাড়ি তাঁর। অজয় পাল শর্মার ভাই অমিত পাল শর্মা একজন আইএএস অফিসার। মিডিয়ার রিপোর্ট অনুসারে, ১৫ বছরের কেরিয়ারে ৫০০-র বেশি এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবং ওই অভিযানে ১৫ অভিযুক্তকে খতম করেছেন।
একচল্লিশ বছরের অজয় পাল শর্মা বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) পদে রয়েছেন। তার আগে একাধিক জায়গায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।