
কলকাতা: শহর কলকাতার নামী স্কুল। সেই স্কুলে জুতো বিতর্ক! খাতা-বই, অ্যাসাইমেন্টের জিনিস আগে থেকেই কিনতে হত স্কুল থেকে। সে পর্যন্ত ঠিকই ছিল বিষয়টা। কিন্তু বিতর্ক ছড়ায় অভিভাবকদের গ্রুপে আসা স্কুল কর্তৃপক্ষের একটি মেসেজে। সেই মেসেজে বলা হয়, স্কুল থেকে নির্দিষ্ট ব্র্যান্ডের একটি জুতো কিনতে হবে। নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেই নির্দিষ্ট ব্র্যান্ডের ‘ভেলক্রো’ জুতোর দাম ২০৪৭ টাকা। আর ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত সেই জুতোর দাম ২১০০ টাকা। নির্দিষ্ট সেই ব্র্যান্ডের নামও উল্লেখ করে দেওয়া রয়েছে স্কুলের মেসেজে।
এই মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতেই অভিভাবকদের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়। কীভাবে স্কুল ঠিক করে দিতে পারে, অভিভাবক তাঁর সন্তানকে কত দামি ব্র্যান্ডের জুতো পরাবেন? কেনই বা ২ হাজার টাকা মূল্যের স্কুলের জুতো কিনতে হবে! এহেন একাধিক প্রশ্নের উত্থাপন হয়।
সপ্তাহে ১ দিন পিটি ক্লাসের জন্য ২১০০ টাকার জুতো? এহেন মেসেজ পাওয়া মাত্রই চিন্তায় পড়েন মধ্যবিত্ত অভিভাবকরা। যাঁরা সন্তানকে ভালভাবে মানুষ করবেন বলে শহরের নামী স্কুলে পড়ান। সেক্ষেত্রে পড়ানোর খরচ, স্কুল ফিজ ছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই খরচ থাকে। স্কুলের থেকেই কিনতে হয় খাতা-বই। এবার জুতো?
প্রশ্ন করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে। তবে TV9 বাংলার ক্যামেরার সামনে এবিষয়ে মুখ খুলতে চাননি স্কুল কর্তৃপক্ষ। তবে বিতর্ক এড়াতে কর্তৃপক্ষ TV9 বাংলার প্রতিনিধিকে জানায়, দামি জুতো কেনা আবশ্যিক নয়। স্কুলের বক্তব্য, অভিভাবকরা চাইলে বাইরে থেকেও জুতো কিনতে পারেন। যেহেতু এই ‘ভেলক্রো’ কিনলে স্কুলের ‘রেগুলার শু’ ও ‘স্পোর্টস শু’র কাজ একসঙ্গেই হয়ে যাবে, তাই মেসেজ করা হয়েছে।