Sourav Ganguly: সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের

Sourav Ganguly Death Threat: সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সৌরভ, তাঁর পরিবার ও স্টাফদের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার হুমকি চিঠি পেয়েছেন।

Sourav Ganguly: সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের
প্রাণনাশের হুমকি পেয়ে থানায় অভিযোগ সৌরভেরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 10, 2026 | 9:28 PM

কলকাতা: প্রাণনাশের হুমকি চিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামেও হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই নিয়ে উদ্বিগ্ন বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার। ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন সৌরভ। দ্রুত পুলিশি তদন্তের আবেদন জানিয়েছেন।  

সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সৌরভ, তাঁর পরিবার ও স্টাফদের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার হুমকি চিঠি পেয়েছেন। অভিযোগপত্রে লিখেছেন, “গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে আমরা সেইসব চিঠিকে বিশেষ গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, এমন কেউ চিঠি পাঠাচ্ছেন, যিনি হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপছন্দ করেন। আর তার ব্যক্তিগত ক্ষোভ থেকে এই চিঠি পাঠাচ্ছেন।”

এরপরই তিনি লেখেন, “কিন্তু, আজ আমরা দুটি চিঠি পেয়েছি। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা। অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লেখা। চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিয়েও হুমকি দিয়েছেন।”

সৌরভের পার্সোনাল সেক্রেটারি লিখেছেন, “যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখন এই চিঠি শুধু ঘৃণায় আটকে নেই, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তাই, এই নিয়ে আমরা দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও তদন্তের আবেদন জানাচ্ছি।” পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগেও সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ‘সম্মানহানিকর’ পোস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধে ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।

Loading...
Unable to load recommendations.
Follow Us