Special Train for the Matua: SIR ক্ষতয় মলম? গোটা দেশ থেকে মতুয়াদের আনতে এবার স্পেশ্যাল ট্রেন?

Indian Railway: বিগত দিনগুলিতে ট্রেন থাকলেও এবার সংখ্যা অনেকটাই বানানো হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। কাঠগোদাম থেকে ঠাকুরনগর, লামডিং থেকে বনগাঁ, আলিপুরদুয়ার জংশন থেকে বনগাঁ, জগদলপুর থেকে ঠাকুরনগর, কেশিঙ্গা থেকে ঠাকুরনগর, এই রুটগুলিতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

Special Train for the Matua: SIR ক্ষতয় মলম? গোটা দেশ থেকে মতুয়াদের আনতে এবার স্পেশ্যাল ট্রেন?
কী বলছে রেল?Image Credit source: Social Media & Gemini

| Edited By: জয়দীপ দাস

Mar 13, 2026 | 7:11 PM

কলকাতা: ভোটমুখী বাংলায় মতুয়া ভোট নিয়ে চর্চা কম হচ্ছে না। তৃণমূল না বিজেপি, কাদের দিকে ঝুঁকবেন মতুয়ারা তার উত্তর অবশ্য সময়ের হাতেই। এরইমধ্যে মতুয়া সম্প্রদায়ের বিশেষ উৎসবে উত্তর ভারত থেকে বনগাঁ-ঠাকুরনগরে বিশেষ দূরপাল্লার ট্রেন ঘোষণা রেলের। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে গেল বনগাঁ- ঠাকুরনগর। চলতি মাসের শেষের দিকে মতুয়া সম্প্রদায়ের বিখ্যাত বারুণী মেলা। সে করণেই উৎসবের দিন চলবে বিশেষ ট্রেন। 

বিগত দিনগুলিতে ট্রেন থাকলেও এবার সংখ্যা অনেকটাই বানানো হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। কাঠগোদাম থেকে ঠাকুরনগর, লামডিং থেকে বনগাঁ, আলিপুরদুয়ার জংশন থেকে বনগাঁ, জগদলপুর থেকে ঠাকুরনগর, কেশিঙ্গা থেকে ঠাকুরনগর, এই রুটগুলিতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। 

প্রতিবছর মেলায় ঠাকুরনগর-চাঁদপাড়া অংশে ব্যাপক পরিমাণে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের ভিড় হয়। কিন্তু এবার সামনে ভোট। ফলে ভোটের আঁচে ফুটছে মতুয়াগড়। ফলে তার ছাপ যে কিছুটা মেলাতেও পড়তে চলেছে তা বলাই বাহুল্য। এসআইআর ইস্যুতে যখন তৃণমূল আদা-জল খেয়ে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে আনতে বদ্ধপরিকর, তখন উৎসবের দিন দূরপাল্লার এক্সপ্রেস ঘোষণা আদপে পদ্ম ব্রিগেডের পলিটিক্যাল স্টান্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

এর আগেও বনগাঁ- ঠাকুরনগর সহ বেশ কয়েকটি লোকাল রুটে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছিল। বর্তমানে সেই ট্রেন চলছে। কিন্তু উৎসবের দিন এতগুলি দূরপাল্লার ট্রেন সাময়িকভাবেই প্রথম বলেই দাবি রেলবোর্ডের কর্তাদের একাংশের। 

তবে এর পেছনে যে মতুয়া ভোটের সমীকরণ যে রয়েছে তা বলছেন কমবেশি সব রাজনৈতিক বিশ্লেষকরা। কেশিংগা ওড়িশায়। কাঠগোদাম উত্তর ভারতের উত্তরাখণ্ডে। লামডিং উত্তর-পূর্ব ভারতে। জগদলপুর ছত্তিসগঢ়ে। সর্বত্রই ছড়িয়ে রয়েছেন মতুয়ারা। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত এমনকি মধ্য ভারত থেকে উত্তর-পূর্ব ভারত। গোটা দেশের মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিশেষ পরিষেবা দিতে চাইছে রেল। 

এদিকে নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাধিক বিধানসভার আসন নিয়ন্ত্রণ করে থাকেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এসআইআর ইস্যুতে বিজেপি যে মতুয়াদের নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেই ক্ষততে মলম দেওয়ার জন্যই এবার অস্ত্র দূরপাল্লার ট্রেন।  

Follow Us